পাউবোর ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য
গত ১৮ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত ‘জলবায়ু তহবিলের টাকায় বন কেটে বাঁধ’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর ব্যাখ্যার শুরুতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে বাঁধটি নির্মিত হলে ৩৯ হাজার গাছ কাটা পড়বে, যা সঠিক নয়। পরের লাইনেই বলা হয়েছে, ‘মূলত পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালি উপজেলায় চর মাইনকা, চর ইসলাম, চর মোন্তাজ ক্রস ড্যাম নির্মাণের জন্য পাউবো যে প্রকল্প নিয়েছে, তাতে ৩৪ হাজার গাছ আপাতত কাটা পড়লেও পরে যে বাঁধ নির্মিত হবে, সেই বাঁধ এবং বাঁধ নির্মাণের ফলে জেগে ওঠা ১১ হাজার একর ভূমিতে কয়েক লাখ গাছ রোপণ করা হবে। ব্যাখ্যায় একই সঙ্গে বলা হয়েছে, জেগে ওঠা ১১ হাজার একর জমি ভূমিহীনদের দেওয়া হবে।পাউবো জানায়, প্রকল্পের প্রকৃত ব্যয় ২৩ কোটি ৮৯ লাখ টাকা। প্রকল্প প্রণয়নের আগে পরিবেশগত প্রভাব সমীক্ষা করা হয়েছে বলেও ব্যাখ্যায় দাবি করা হয়।প্রতিবেদকের বক্তব্য: জলবায়ু তহবিলের টাকায় করা প্রকল্পে গাছ কাটা পড়বে বলে পাউবোই স্বীকার করল। প্রতিবেদনের মূল বিষয়ও ছিল তা-ই।পাউবোর ব্যাখ্যার অসংগতি তো স্পষ্ট। একবার তারা বলছে, বাঁধটি নির্মিত হলে জেগে ওঠা ১১ হাজার একর জমিতে লাখ লাখ গাছ লাগানো হবে। আবার বলছে, ওই জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে। প্রকল্পের জন্য তৈরি করা ইআইএ (পরিবেশগত প্রভাব সমীক্ষা) জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়নি বলে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে প্রথম আলোকে জানানো হয়েছে। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের এ-সংক্রান্ত বক্তব্যও প্রতিবেদনে ছাপা হয়েছে।