পাউবোর শিডিউল বিক্রি ও দরপত্র দাখিলে দুর্নীতি
ভোলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-২ এর প্রায় এক কোটি টাকার বাঁধ সংস্কারকাজের শিডিউল বিক্রি ও দরপত্র দাখিলে দুর্নীতির অভিযোগ উঠেছে।হামিদুন, মো. মেসবাহ, তারেক কিবরিয়াসহ কয়েকজন ঠিকাদার অভিযোগ করে বলেন, শিডিউল বিক্রির নির্ধারিত সময়ে কিনতে গেলেও তাঁরা ব্যাংকে কোনো দরপত্র পাননি। ঠিকাদারদের একটি প্রভাবশালী পক্ষ সমঝোতা করে ব্যাংক থেকে ওই শিডিউল কিনে নিয়ে যায় ও পরবর্তী সময়ে তারা ওই দরপত্র জমা দেয়। তাঁরা আরও অভিযোগ করে বলেন, ওই প্রভাবশালী পক্ষ কাজগুলো ভাগাভাগি করে নেওয়ার পাঁয়তারা করছে।পাউবো-২-এর (ভোলা) নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ভোলার লালমোহন-তজুমদ্দিন উপজেলায় সাত গ্রুপ এবং মনপুরা উপজেলায় তিন গ্রুপ বাঁধ সংস্কার করবে। একেকটি গ্রুপে ৭০-৯৫ মিটার পুরাতন বাঁধ সংস্কার হবে। এ বাঁধ সংস্কারকাজে গত মাসে প্রায় এক কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। ৩ মার্চ চরফ্যাশন জনতা ব্যাংকে ৫০টি এবং আলীনগর শাখায় ৫০টি শিডিউল বিক্রির জন্য জমা দেওয়া হয়েছে। ১১ মার্চ ওই শিডিউল বিক্রির শেষ তারিখ ছিল। নির্ধারিত সময়ে যদি আরও শিডিউলের চাহিদা থাকত তাহলে ব্যাংকগুলো জানালে আরও শিডিউল পাঠাতাম।’ তিনি জানান, ১৩ মার্চ ছিল দরপত্র দাখিলের শেষ তারিখ। ওই দিন ১০ গ্রুপে ৩০টি দরপত্র জমা পড়েছে। দরপত্র দাখিলে ঠিকাদারেরা সমঝোতা করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম তালুকদার বলেন, ‘তা আমি বলতে পারব না।’চরফ্যাশন জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক বেলায়েত হোসেন ও ভোলা আলীনগর জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক খান আল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘পাউবো থেকে যে শিডিউল দেওয়া হয়, তা তাৎক্ষণিকভাবে বিক্রি হয়ে যায়।’