পাউবোর স্লুইসগেটের কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর সংযোগ খালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রকল্পে স্লুইসগেট ও সেতুর ঢালাইকাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। প্রায় এক সপ্তাহ ধরে দিনের কাজ রাতে হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী গত শুক্রবার রাতে প্রকল্পের কাজ বন্ধ করে দেয়। পাউবো সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলার কুড়ারপার ইউনিয়নে প্রবাহিত কুশিয়ারা নদীর শাখা করতি খাল থেকে হাওরমুখী খালে স্লুইসগেট ও সেতু নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১০ সালের জুন মাসে। দুই কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ওই প্রকল্পের কাজ ২০১১ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও তা দ্বিতীয় বছরে গড়ায়। এলাকাবাসী জানান, ঠিকাদার প্রভাবশালী হওয়ায় পাউবোর কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপ নেন ধীরগতিতে। চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই সম্প্রতি প্রকল্পের কাজ শেষ করার তোড়জোড় শুরু হয়। প্রায় এক সপ্তাহ ধরে প্রকল্প এলাকার ঢালাইকাজ দিনে না করে রাতে করা হচ্ছিল। রাতে পাউবোর কর্মকর্তাসহ এলাকাবাসীর অগোচরে কাজ নিম্নমানের হওয়ায় গত শুক্রবার এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রকল্প এলাকার কাজ বন্ধ করে দেয়। কুড়ারপার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলকাছ আলী বলেন, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সরাসরি কাজ না করে সাব-ঠিকাদারির মাধ্যমে কাজ সম্পন্ন করছে। কাজ ধীরগতিতে হওয়ায় স্লুইসগেট ও সেতুর উভয় পাশের রাস্তা ধসে পড়েছে। এ অবস্থায় ঢালাইকাজ রাতের বেলায় করায় এলাকাবাসীর সন্দেহ হয়। শুক্রবার রাতে এলাকাবাসী কাজ বন্ধ রেখে পরদিন শনিবার বিষয়টি পাউবোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরকে অবহিত করে।এলাকাবাসী ক্ষুব্ধ হওয়ায় পরবর্তী নির্দেশ ছাড়া কাজ বন্ধ রাখতে বললে পাউবো শনিবার থেকে প্রকল্পের কাজ বন্ধ রেখেছে জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, ‘পাউবোর কাজ তো হয় জনস্বার্থে। স্থানীয় জনগণের নজরদারির মধ্যে অন্যান্য প্রকল্পের কাজগুলো শেষ করা হয়। কিন্তু এ ক্ষেত্রে পাউবোর নজরদারি তো নেই-ই, বরং রাতে কাজ শেষ করার উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে।’সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে পাউবোর একটি সূত্র জানায়, ‘মেসার্স আলম অ্যান্ড ব্রাদার্স’ নামে ঠিকাদারি সংস্থা ওই প্রকল্পের কাজ পেয়েছে। কিন্তু প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত মূল ঠিকাদারি সংস্থার কেউ সরাসরি প্রকল্প এলাকায় যাননি। ‘মেসার্স সুশান্ত’ নামে অপর একটি ঠিকাদারি সংস্থা সাব-ঠিকাদার হিসেবে প্রকল্প এলাকায় অবস্থান করে কাজ করছে। ওই প্রতিষ্ঠানের পরিচালক সুশান্ত তালুকদারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। মূল ঠিকাদার না থাকার বিষয়টি পাউবোর জানা নেই দাবি করে পাউবোর নির্বাহী প্রকৌশলী ওই কাজ বিলম্ব হচ্ছে বলে জানান। তিনি আগামী ডিসেম্বর নাগাদ কাজ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।