পাউবোর ৩৪/২ পোল্ডারের কাজ নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা-ঘষিয়াখালী নৌপথ ভরাট হওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পোল্ডার ব্যবস্থা দায়ী—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে ৩৪/২ পোল্ডারের সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে ১৬৭ কোটি ২৬ লাখ টাকার প্রকল্পটির বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে।
তবে প্রকল্প-সংশ্লিষ্ট পাউবোর কর্মকর্তারা বলছেন, ৩৪/২ পোল্ডার প্রকল্প মংলা-ঘষিয়াখালী নৌপথ ভরাট হওয়ার জন্য কোনোভাবেই দায়ী নয়। ২৮ বছর ধরে নিয়মিত খনন না করায় নৌপথটি ভরাট হয়েছে। বরং এই বাঁধ প্রকল্প বাস্তবায়িত হলে মংলা-ঘষিয়াখালী নৌপথের পলি ব্যবস্থাপনা সহজ হবে।
সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির পর ভরাট হয়ে যাওয়া মংলা-ঘষিয়াখালী নৌপথ পুনঃখনন ও চালু করার বিষয়ে বিভিন্ন মহল থেকে পাউবোর বিরুদ্ধে অভিযোগ ওঠে। গত ২২ ডিসেম্বর পানিসম্পদ মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে এই পোল্ডার প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন ওই প্রকল্পের পরিচালক জুলফিকার আলী হাওলাদার।
জানতে চাইলে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক বলেন, ৩৪/২ পোল্ডারের আওতায় দাউদখালী নদী, মরা পশুরসহ দুই শতাধিক রেকর্ডভুক্ত খাল আছে। সমন্বিত পানি ব্যবস্থাপনার স্বার্থে এগুলো খনন করা প্রয়োজন। তবে নির্বিঘ্নে দ্রুত মংলা-ঘষিয়াখালী নৌপথ খনন করা এখন সবচেয়ে জরুরি।
বাগেরহাটের পাউবো সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার অন্তর্গত যৌখালী উপ-প্রকল্প, ফকিরহাট উপজেলার মাসকাটা উপ-প্রকল্প এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর-ভান্ডারকোট উপ-প্রকল্পকে একত্র করে ৩৪/২ প্রকল্প তৈরি হয়েছে। প্রকল্পের আওতায় ৫০ কিলোমিটার বাঁধ নির্মাণ এবং ১১০ কিলোমিটার নদী-খাল পুনঃখননের কথা। বাগেরহাট সদর ও রামপাল উপজেলার একটি বড় অংশ এবং মংলা ও ফকিরহাট উপজেলার কিছু এলাকা প্রকল্পের অন্তর্ভুক্ত। তিন বছর মেয়াদি প্রকল্পটির কাজ শুরু হয় ২০১২-১৩ অর্থবছরে। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ১১ ভাগ কাজ শেষ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।
পাউবোর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাইনদ্দীন বলেন, রূপসা ও পশুর নদের পূর্ব পাড়, মংলা ও কুমারখালী নদীর উত্তর পাড় এবং বিষ্ণু নদীর পশ্চিম পাড়ে খুলনা ও বাগেরহাট জেলার পাঁচটি উপজেলা এই প্রকল্পের আওতাভুক্ত। প্রকল্প এলাকার আওতায় মরা পশুর, দাউদখালী, মইদাড়া, ইছামতী নদীসহ ১৩টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করা হবে, যার অধিকাংশই মংলা-ঘষিয়াখালী নৌপথের সঙ্গে যুক্ত। এসব নদী ও খাল খনন করে জলকপাটগুলো কার্যকর করা গেলে এই নৌপথের নাব্যতা স্থিতিশীল থাকবে।
মংলা-ঘষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, এলাকায় চিংড়িঘেরের সমর্থক শক্তিশালী একটি মহল ৩৪/২ পোল্ডার বাস্তবায়নে বাধা সৃষ্টি করে আসছে। কিন্তু পোল্ডারটি রামপাল-মংলা এলাকার মানুষের জীবন-জীবিকার জন্য একান্ত প্রয়োজন। মংলা-ঘষিয়াখালী নৌপথের সঙ্গে এই পোল্ডার সাংঘর্ষিক নয়, বরং সহায়ক। তিনি আরও বলেন, মংলা-ঘষিয়াখালী নৌপথ যদি ওয়াপদার পোল্ডারের কারণে ভরাট হয়, তবে ৩৫/১ পোল্ডারে বিছনা নদীর পূর্ব পাড়, মল্লিকের বেড় ও ডেমা এলাকায় এই নৌপথ সচল থাকছে কীভাবে।
প্রকল্প পরিচালক ও পাউবোর খুলনা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার বলেন, শ্যালা নদীতে ট্যাংকারডুবির পর মংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেল ভরাট হওয়ার জন্য যাঁরা ৩৪/২ প্রকল্পকে দায়ী করছেন, তাঁরা সঠিক বলছেন না। অব্যাহত খনন ছাড়া ওই নৌপথ সচল রাখা কঠিন। পোল্ডার ব্যবস্থা বাস্তবায়নের সঙ্গে নৌপথটি ভরাট হওয়ার কোনো সম্পর্ক নেই। ভরাট হওয়া এলাকায় পাউবোর কোনো পোল্ডার নেই। তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা কাজ বন্ধ রাখব। তবে কাজ বন্ধ হলে প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত উন্নয়ন অংশীদারেরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।’