পাউরুটি কারখানায় আগুন
দিনাজপুরের পার্বতীপুর শহরের একটি পাউরুটি কারখানায় গতকাল শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ওই কারখানা এবং এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, পার্বতীপুরের নতুন বাজারের একটি দ্বিতল ভবনে ওই পাউরুটি তৈরির কারখানা অবস্থিত। এটি তাজ বেকারি নামে পরিচিত। ভবনের নিচতলায় কারখানার কার্যালয় ও বেকারি। ওপরতলার তিনটি কক্ষ ছিল গুদামঘর। এখানে প্রতিদিন দুই শিফটে ১০০ শ্রমিক কাজ করেন।
ওই কারখানার মালিক পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, অগ্নিকাণ্ডে কারখানার তিনটি গুদামঘরের দুটি সম্পূর্ণ ও একটি আংশিক পুড়ে যায়। এর মধ্যে ১১ হাজার কেজি পলিথিনের প্যাকেজিংসামগ্রী, ৩০০ কেজি বিভিন্ন ধরনের ফ্লেভার ও বিভিন্ন কেমিক্যালসামগ্রী রয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারখানা পুনরায় চালু করতে মাস খানেক সময় লাগতে পারে।