চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
পাউরুটিতে মরা তেলাপোকা, পোড়া তেলে ভাজা চানাচুর
চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার হাইওয়ে সুইটসের পাউরুটিতে পাওয়া গেল মরা তেলাপোকা। আধা কিলোমিটার দূরের কাজীর দেউড়ির বোম্বে রয়েল সুইটসের কারখানায় নষ্ট কিশমিশ ও খেজুর দিয়ে তৈরি হচ্ছিল মুখরোচক খাবার। পোড়া তেলে ভাজা হচ্ছিল চানাচুর। আর নগরের চৌমুহনী কর্ণফুলী কাঁচাবাজারে পাকিস্তানি মুরগিকে দেশি মুরগি বলে বিক্রি করা হচ্ছে। ওজনেও কারচুপি রয়েছে।
গতকাল সোমবার হাইওয়ে সুইটসে ও কর্ণফুলী কাঁচাবাজারে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বোম্বে রয়েল সুইটসে অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
হাইওয়ে সুইটস দোকানটিতে থরে থরে সাজিয়ে রাখা হয় পাউরুটি। একটি পাউরুটির মোড়কের ভেতরে দেখা গেল মৃত তেলাপোকা। অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, প্রতিষ্ঠানটির কারখানা ছিল নোংরা, অস্বাস্থ্যকর। এ জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত চৌমুহনী কর্ণফুলী কাঁচাবাজারে মো. আলীর মুরগির দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। দোকানটিতে দেশি ও পাকিস্তানি মুরগি একসঙ্গে রেখে বিক্রির পাশাপাশি ওজনেও কারচুপি করা হচ্ছিল। ওজনে কারচুপির জন্য একই বাজারের এক মাছ বিক্রেতাকে ৫০০ টাকা ও সবজি বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশের জন্য বাজারের ইনসাফ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই আদালত নোংরা পরিবেশের জন্য লালখান বাজারের কিংস হোটেলকে পাঁচ হাজার টাকা, নিউ সুইটস কেয়ারকে ১৪ হাজার টাকা ও চানমারি হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আরেক সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।
পোড়া তেলে চানাচুর: কাজীর দেউড়ি এলাকার বোম্বে রয়েল সুইটসের কারখানায় বিভিন্ন খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খেজুর-কিশমিশ ব্যবহার করার প্রমাণ পেয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পোড়া তেলে ভাজা হচ্ছিল চানাচুর, মিষ্টির রসও অনেক দিনের পুরোনো। দোকানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকেলে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। অভিযানে জরিমানার পাশাপাশি দুই মণ কিশমিশ ও ১৫ কেজি খেজুর ধ্বংস করা হয়েছে। ফেলে দেওয়া হয়েছে পোড়া তেল ও মিষ্টির রস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, মিষ্টির কারখানায় অভিযানে দেখা গেছে, পোড়া তেলে নিয়মিত চানাচুর ভাজা হয়। মিষ্টির রস থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কিশমিশ-খেজুর নষ্ট, মেয়াদ নেই। কৌটার আচারগুলোর মেয়াদ তো নে-ই, অনেকগুলোতে ছত্রাকও পড়ে গেছে।
সিডিএর অভিযান: ফুটপাতে মালামাল ও যন্ত্রপাতি রাখার দায়ে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। তিনি বলেন, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দুই পাশের ফুটপাতে পণ্যসামগ্রী ও যন্ত্রপাতি রেখে পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।