পাওনা আদায় নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো ধানের দাম কম হওয়ায় সেচ, সার-বীজ, কীটনাশক ও জ্বালানির বাকি টাকা তুলতে গিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাটের ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা যায়, চাষিরা ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে সেচ, সার, ডিজেল, বীজ, কীটনাশক কিনে বোরো আবাদ করেন। পরে ধান বিক্রি করে টাকা পরিশোধ করেন। বাজারে বর্তমানে প্রতি মণ ধান প্রকারভেদে ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এলাকাভেদে এক বিঘা জমিতে ধান চাষে উৎপাদন খরচ পড়ে সাত থেকে আট হাজার টাকা। এক বিঘা জমিতে ধান উৎপাদন হয় ১৬ থেকে ২০ মণ। ২০ মণ ধানের বর্তমান বাজারমূল্য নয় হাজার থেকে ১০ হাজার টাকা। সদর উপজেলার অবস্থাপন্ন কৃষক মোজাহেদুল ইসলাম ১০ বিঘা জমি প্রতি বিঘা চার হাজার টাকার বিনিময়ে বামনপুর গ্রামের প্রান্তিক দুই কৃষককে বোরো চাষের জন্য দিয়েছিলেন। ধানের দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়ে ওই দুই কৃষক টাকা কম নেওয়ার জন্য মোজাহেদুলের কাছে ধরনা দিচ্ছেন। বামনপুর গ্রামের বর্গাচাষি আফজাল হোসেন জানান, বোরো চাষের খরচ বেড়ে যাওয়া এবং বাজারে ধানের দাম কম হওয়ায় তিনি বিপদে পড়েছেন। জমির মালিক তাঁর প্রতি সহানুভূতিশীল না হলে তাঁর লোকসান গোনা ছাড়া উপায় নেই। আফজাল হোসেন আরও জানান, মহাজনের কাছে তাঁর ২৫ হাজার টাকা বাকি রয়েছে। ধানের দাম কম হওয়ায় সেই টাকা পরিশোধ করতে পারেননি।শুক্রবার পুরানাপৈল বাজারের কীটনাশক ও সার ব্যবসায়ী জোবায়দুল ইসলাম জানান, ১৫-১৬ লাখ টাকার সার-কীটনাশক বাকিতে বিক্রি করেছেন। সামান্য কিছু টাকা তুলতে পারলেও বাকি টাকা তোলা নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েছেন। আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ চারমাথা বাজারের বীজ ও কীটনাশক ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, তাঁর দুই লাখ টাকার মতো বাকি পড়ে রয়েছে। এবার পুরো টাকা তুলতে পারবেন কি না, এ নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। সদর উপজেলার পালি গ্রামের বিদ্যুৎচালিত গভীর নলকূপের মালিক শাহ আলম জানান, তিনি এ মৌসুমে বোরো আবাদে কৃষকদের জমিতে দেড় লাখ টাকার পানি দিয়েছেন। আদায় হয়েছে ৫৫ হাজার টাকা। তাঁর ধারণা, আর ২০-৩০ হাজার টাকা আদায় হবে। ধানের দাম কম হওয়ায় বাকি টাকা আর তুলতে পারবেন কি না সন্দেহ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. দেলবর হোসেন বলেন, সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ধানের দাম বেড়ে যাবে। ফলে কৃষকদের লোকসান হবে না।