পাওনা আদায়ে অপহরণ নাটক, অবশেষে ধরা
পাওনা টাকা আদায়ের জন্য অপহরণ নাটক সাজিয়েছিলেন নাসির উদ্দিন ওরফে লাভলু মিয়া (২০)। সড়কে জুতা, জ্যাকেট ও রক্তমাখা টাকা রেখে পালিয়েছিলেন। পরে তাঁর ভাইকে দিয়ে অপহরণ মামলা করান। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এমনকি ডুবুরি দিয়েও নদীতে লাশ খোঁজাখুঁজি করে। কিন্তু কোনো হদিস মেলে না।
সেই লাভলু গতকাল মঙ্গলবার নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামে।
পুলিশ ও গ্রামবাসী জানান, কৃষক আবদুর রাজ্জাকের ছেলে লাভলু গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। ফায়ার সার্ভিসে চাকরির জন্য লাভলু ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর একই গ্রামের মানিক মিয়াকে ছয় লাখ ৮০ হাজার টাকা দেন। এরপর তিন মাস পেরিয়ে যায়। চাকরি দূরের কথা, টাকা ফেরত দিতে গড়িমসি শুরু করেন মানিক। এদিকে লাভলু তাঁর এক বন্ধু একই গ্রামের মাদ্রাসাছাত্র হাবিবুর রহমানের সঙ্গে পরামর্শ করে চলতি বছরের ৩০ জানুয়ারি আত্মগোপন করেন। তার আগে তিনি নিজের জুতা, জ্যাকেট ও রক্তমাখা ১০ টাকার নোট করতোয়া নদীসংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদূরে দিঘলি ফুলবাড়ী নামের স্থানে (নিজ বাড়ির অদূরে) রেখে পালিয়ে যান। পরদিন সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে জুতা, জ্যাকেট দেখতে পেয়ে হইচই করতে থাকেন। হইচই শুনে লাভলুর মা-বাবা ও গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে জ্যাকেট, জুতা লাভলুর বলে শনাক্ত করে। পরে পুলিশ ওই সব আলামত উদ্ধার করে। রক্তমাখা টাকা দেখে লাভলুর পরিবার ধারণা করে, তাঁকে অপহরণ ও হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ নিয়ে লাভলুর বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে ৩১ জানুয়ারি মানিক মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে ও পাঁচ থেকে সাতজনকে অজ্ঞাতপরিচয় দেখিয়ে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা করেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ রংপুর ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল এনে ওই দিন দুপুরে দুই থেকে তিন ঘণ্টা করতোয়া নদীতে লাভলুকে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। মামলা করার পর থেকে মানিক মিয়া ও অন্য আসামিরা পালিয়ে যান।
পরে মুঠোফোনের কললিস্ট ধরে পুলিশ লাভলুর বন্ধু হাবিবুর রহমানকে ৪ ফেব্রুয়ারি আটক করে। ওই দিন লাভলুর কাছে ফোন করেন আটক হাবিবুর। তিনি বলেন, ‘আমি ধরা পড়ে গেছি, তুমি চলে আসো।’
অভিযোগ অস্বীকার করে মানিক মিয়া মুঠোফোনে প্রথম আলোকে জানান, চাকরি দেওয়ার নাম করে তিনি লাভলুর কাছ থেকে কোনো টাকা নেননি।
গতকাল লাভলু গোবিন্দগঞ্জ থানায় হাজির হলে পুলিশ তাঁকে আটক করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, লাভলু পুলিশের কাছে তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য গতকাল তাঁকে গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়েছে।