পাওনা আদায়ে পোশাক শ্রমিকদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন–ভাতার দাবিতে কারওয়ান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে সাস ফ্যাশনওয়্যার লিমিটেডের চার শতাধিক কর্মীর অবস্থান। গতকাল সন্ধ্যায় তোলা ছবি
বেতন–ভাতার দাবিতে কারওয়ান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে সাস ফ্যাশনওয়্যার লিমিটেডের চার শতাধিক কর্মীর অবস্থান। গতকাল সন্ধ্যায় তোলা ছবি

হঠাৎ কারখানা স্থানান্তর করায় বিপাকে পড়েছেন সাস ফ্যাশনওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার চার শতাধিক কর্মচারী। গতকাল সোমবার তাঁরা কারওয়ান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বকেয়া বেতন, বোনাসসহ পাওনা টাকা না পাওয়ার অভিযোগ করেছেন।

সমস্যার সমাধানে মালিকপক্ষের সঙ্গে গতকাল বিকেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে বৈঠক করেন বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিরা। রাতে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে শ্রমিকেরা জানিয়েছেন, মালিকপক্ষ জুলাই মাসসহ দুই মাসের বেতন, ঈদ বোনাস ও যাঁরা এক বছরের বেশি চাকরি করেছেন, তাঁদের সার্ভিস বিল দিতে রাজি হয়েছে। মালিকপক্ষের এই সিদ্ধান্তের পর করণীয় নির্ধারণে তাঁরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। গতকাল রাত সোয়া নয়টা পর্যন্ত শ্রমিকদের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে অবস্থান করতে দেখা গেছে।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ বিনা নোটিশে কারখানা টঙ্গীর মিলগেট এলাকা থেকে কাশিমপুরে স্থানান্তর করেছে। এতে কারখানাটির ৪৮০ জন শ্রমিক বেকার হয়েছেন। ঈদের আগে হওয়ায় তাঁরা অন্য কোথাও কাজ করার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে মালিকপক্ষও তাঁদের পাওনা টাকা দিতে টালবাহানা করছে।

কারখানাটির সুয়িং অপারেটর হাফিজা বলেন, গত ৩১ জুলাই পর্যন্ত তাঁরা কাজ করেছেন। ১ আগস্ট কারখানায় গিয়ে মেশিন ছাড়া আর কিছু পাননি। তিনি বলেন, রাতে লুকিয়ে মালামাল অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কারখানা বন্ধ বা স্থানান্তরের কোনো নোটিশ দেওয়া হয়নি। এতে হুট করে তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন।

নাজমা নামের আরেক শ্রমিক বলেন, কারখানা বন্ধের পর পাওনা টাকা চাইলে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। এরপর পাওনা আদায়ে গত সপ্তাহে তাঁরা টঙ্গী থেকে কারওয়ান বাজারসংলগ্ন বিজিএমইএর কার্যালয়ে যান এবং পাওনা টাকা দাবি করেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে ও সমস্যার সমাধানে বিজিএমইএর প্রতিনিধি, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে গতকাল বিকেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে বৈঠক ডাকা হয়। এই বৈঠকের সিদ্ধান্ত জানতে ও শ্রমিকদের দাবি জানাতে তাঁরা টঙ্গী থেকে কারওয়ান বাজারে এসেছেন।

মো. জাকির হোসেন নামের এক শ্রমিক বলেন, টঙ্গীর মিলগেট এলাকায় একই মালিকের টপস এন বটমস নামে আরও একটি কারখানা ছিল। ঘোষণা ছাড়াই গত ঈদের পরদিন ওই কারখানাটি স্থানান্তর করা হয়েছিল। ওই কারখানার শ্রমিকেরা এখনো পাওনা বুঝে পাননি। তিনি বলেন, তাঁদের কারখানায় অনেক দম্পতি একসঙ্গে কাজ করতেন। হঠাৎ চাকরি যাওয়ায় তাঁদের জীবনে বিপর্যয় নেমে এসেছে।

বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক শামসুল আলম খান প্রথম আলোকে বলেন, বৈঠকে শ্রমিকদের দাবিদাওয়ার মধ্যে জুলাই মাসের বকেয়া ও এক মাসের বেতন, ঈদের বোনাস ও যাঁদের চাকরির বয়স এক বছরের বেশি হয়েছে, তাঁদের প্রতিবছরের জন্য ১০ কর্মদিবসের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।