পাওনা আদায়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের কাছে চট্টগ্রাম ওয়াসার পাওনা প্রায় ২৪ কোটি টাকা। এর মধ্যে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা পাওনা রয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে। এ টাকা আদায়ে সহায়তা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ওয়াসা। তার পরও কাঙ্ক্ষিত পরিমাণে বকেয়া আদায় করা যাচ্ছে না।
নিয়মিত পানির বিল না দেওয়া আবাসিক ও অনাবাসিক গ্রাহকদের তালিকা তৈরি করছে চট্টগ্রাম ওয়াসা। এর মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বকেয়ার তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। এখন শীর্ষ বেসরকারি ও আবাসিক বিলখেলাপিদের তালিকা তৈরির কাজ চলছে।
ওয়াসা সূত্র জানায়, চট্টগ্রামে পানির বৈধ সংযোগ ৫৭ হাজারের বেশি। এর মধ্যে পাঁচ হাজার সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিয়মিত সাড়ে ৫২ হাজার গ্রাহকের নামে পানির বিল করা হয়। এর মধ্যে কয়েক হাজার গ্রাহক নিয়মিত বিল পরিশোধ করছে না। পানির বিল আদায়ের জন্য গত মার্চে সরকারি প্রতিষ্ঠানের তালিকা তৈরির কাজ শেষ করেছে ওয়াসা।
ওয়াসার করা তালিকায় দেখা গেছে, ৩০টি মন্ত্রণালয়ের অধীন ১৩৬টি প্রতিষ্ঠানের কাছে ওয়াসার বিল পাওনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে সংযোগের সংখ্যা ৬১৮টি। সবচেয়ে বেশি বকেয়া রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে। তাদের কাছে পাওনা তিন কোটি ৪১ লাখ ১৮ হাজার ১৬৪ টাকা। গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কাছে দুই কোটি ১৬ লাখ ৭৩ হাজার ৬১৭ টাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে মোট পাওনা এক কোটি ৮২ লাখ ৩৪ হাজার ৪৩৫ টাকা। বছরের পর বছর নিয়মিত বিল পরিশোধ না করায় বকেয়ার পাহাড় জমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিপুল অঙ্কের বকেয়া প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অর্থ সংকটের কারণে আমরা নিয়মিত বিল পরিশোধ করতে পারিনি। তবে আপাতত এক কোটি টাকা বকেয়া পরিশোধ করার পরিকল্পনা নিয়েছি। আশা করছি দিতে পারব।’
চলতি বছরের ২৮ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ওয়াসা। চিঠিতে উল্লেখ করা হয়, ওয়াসা অর্থ-সংকটে রয়েছে। এ কারণে দীর্ঘদিনের সরকারি বকেয়া আদায়ে মন্ত্রণালয়ের সহায়তা প্রয়োজন। গত মাসের ১৫ জুন দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে ওয়াসা।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ১০০০ লিটার পানি মাত্র ৬.৯০ পয়সায় গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। যদিও উৎপাদন খরচ পড়ছে ১৬ টাকার মতো। কিন্তু এর পরও অনেক গ্রাহকই সময়মতো বিল পরিশোধ করতে চান না।
ওয়াসা সূত্র জানায়, বিলখেলাপি আবাসিক গ্রাহকের সংখ্যা কয়েক হাজার।
যথাসময়ে বকেয়া পরিশোধ করা না হলে জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন করার বিধান রয়েছে। এ বিষয়ে ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘আমরা সংযোগ বিচ্ছিন্ন করার চেয়ে উদ্বুদ্ধ করার মাধ্যমে টাকা আদায় করতে আগ্রহী। এ জন্য নিয়মিত গ্রাহক সমাবেশ করা হচ্ছে। তবে এর পরও যাঁরা বড় অঙ্কের বিল পরিশোধ করছেন না, তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।’
সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংগত কারণে সংযোগ বিচ্ছিন্ন করা যায় না উল্লেখ করে আবদুর রহিম বলেন, পাওনা আদায়ের জোর চেষ্টা চলছে। গত কয়েক মাসে তাদের কাছ থেকে এক কোটিরও বেশি টাকা আদায় করা গেছে।