পাওনা টাকা চাইতে গিয়ে কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে একটি পুকুর থেকে গতকাল শুক্রবার হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অপর দিকে দৌলতপুর উপজেলায় ময়রামপুর গ্রামে লাঠির আঘাতে এক কৃষক মারা গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে পুলিশ লাইনের সামনে পশ্চিম মজমপুর এলাকার এক পুকুরে এক নারীর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের গলায় একটি কলস ও পায়ে শিলপাটা বাঁধা ছিল।থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, নিহত নারীর নাম ও পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে তাঁকে মেরে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। এ হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য এলাকায় গোয়েন্দা বিভাগের লোকজন কাজ করছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এদিকে দৌলতপুর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ইমারুল ইসলাম (৩৮) নামের এক কৃষক খুন হয়েছেন। তিনি দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইমারুল ইসলাম ময়রামপুর গ্রামের প্রতিপক্ষ সাইদুল ইসলামের কাছে পাট বিক্রির পাওনা টাকা চাইতে যান। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সাইদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ইমারুলের মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।দৌলতপুর থানার ওসি লুৎফর রহমান বলেন, গতকাল ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে ইমারুল মারা যান। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ইমারুলের পরিবার একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।