পাওনা টাকা চাইতে গিয়ে গুলিতে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মামাতো ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে আহত হয়েছেন যুবলীগের কর্মী আরাফাত শেখ। গত শুক্রবার বেলা দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চর দুয়াইর গ্রামের আলম মোল্লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের যুবলীগের কর্মী আরাফাত শেখ (২৮) ও নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের মিঠু মাতুব্বর (৩০) পরস্পর মামাতো-ফুপাতো ভাই। আরাফাতের কাছ থেকে মিঠু টাকা ধার নিয়ে ফেরত না দেওয়াসহ বিভিন্ন কারণে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।আরাফাতের স্ত্রী কাজী সিলভিয়া জানান, শুক্রবার আরাফাত টাকা আনতে দুয়াইর গ্রামে গেলে আলম মোল্লার মোড় এলাকায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিঠু তাঁর কাছে রাখা পিস্তল বের করে দুটি গুলি ছোড়েন। এতে আরাফাত পেটে ও পায়ে গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বলেন, আরাফাতের স্ত্রী মামলার প্রস্তুতি নিচ্ছেন। মিঠু যে পিস্তলটি ব্যবহার করেছেন, সেটিও অবৈধ। এ ঘটনার পর মিঠু ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তবে মিঠুর চাচা কালা মাতুব্বরকে (৫০) পুলিশ শুক্রবার রাতেই গ্রেপ্তার করেছে।