পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ঘুষিতে আবদুল কুদ্দুস (৫৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার উপজেলার পশ্চিমদেবু বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পীরগাছা থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিমদেবু গ্রামের কাঠমিস্ত্রি সিদ্দিক হোসেন এক বছর আগে পাশের আদম গ্রামের আবদুর রহিমের ছেলে লিটন মিয়ার কাছে কাঠের একটি আসবাব (শোকেস) পাঁচ হাজার টাকায় বিক্রি করেন। এই সময় দুই হাজার ৮০০ টাকা বাকি রেখে লিটন মিয়া শোকেসটি নিয়ে যান। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে লিটন ও তাঁর সহযোগী হুমায়ুন কবীর পশ্চিমদেবু বাজারের ফুল বাবুর দোকানে চা খেতে যান। এই সময় সিদ্দিক হোসেন তাঁর মামা কুদ্দুসকে নিয়ে সেখানে গিয়ে লিটনের কাছে পাওনা টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে লিটন কুদ্দুসকে কিল-ঘুষি মারলে কুদ্দুস মাটিতে পড়ে মারা যান।

অবস্থা বেগতিক দেখে লিটন মিয়া ও হুমায়ুন কবীর সেখান থেকে পালিয়ে যান।