পাওনা টাকা চাওয়ায় তিন জনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দেনাদার পক্ষের লোকজন। আহত ব্যক্তিরা হলেন—গুলিসাখালী গ্রামের আনোয়ার হোসেন তালুকদার (৫৮), তাঁর স্ত্রী মিনারা বেগম (৫৮) ও ছেলে লিটন তালুকদার (৩৫)। মিনারা বেগমের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের পরিবার, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিসাখালী বাজারের কাঠমিস্ত্রি লিটন তালুকদার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর চাচাতো ভাইয়ের ছেলে সোহেল তালুকদারের কাছে পাওনা টাকা চান। এ নিয়ে তাঁদের দুই পরিবারের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় স্থানীয় বাজার কমিটির নেতারা উভয় পক্ষকে ডেকে বিকেলে সালিস করে বিষয়টি মীমাংসার কথা বলে শান্ত করেন। দুপুর ১২টার দিকে হঠাৎ সোহেল তালুকদার ও তাঁর বাবা জাহাঙ্গীর তালুকদার ১৫-২০ জন লোক নিয়ে আকসিঞ্চক লিটন তালুকদারের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাঁর ওপর হামলা চালান। লিটনকে বাঁচাতে এলে তাঁর বাবা আনোয়ার হোসেন তালুকদার ও মা মিনারা বেগমকেও তাঁরা কুপিয়ে জখম করেন। আহত ব্যক্তিদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।লিটন তালুকদার বলেন, ‘আমি সোহেলের কাছে ৩৫০ টাকা পাইতাম। ওই পাওনা টাকা চাইতে গেলে সোহেল ও তার বাবার সঙ্গে ঝগড়া হয়। এরপর ১২টার সময় তারা আমাকে মারতে আসে। এ সময় ওদের বাধা দিলে ওরা আমাদের কুপিয়ে আহত করে।’ঘটনার পর থেকে সোহেল তালুকদার ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এস কে নাথ জানান, মিনারা বেগমের মাথায় মারাত্মক জখম রয়েছে। তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু ঝুঁকি রয়েছে। মিনারা বেগম ও লিটনকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।