পাওনা টাকা চাওয়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি দোকান ভাঙচুর ও দোকানিকে মারধর করেছে একদল ছাত্র। এতে দোকানি ও তাঁর বন্ধু আহত হন। হামলাকারীরা ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ বিল্ডিং চত্বরে এ ঘটনা ঘটে।দোকানি এমরান আহমদের অভিযোগ, দুপুরে ছাত্রলীগের কর্মী পাপনের (ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র) কাছে নাশতার বিল চাইলে তিনি তাঁর বন্ধু ছাত্রলীগের কর্মী দিদার (ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগ) ও সাকিবসহ (ফরেস্ট্রি বিভাগ) কয়েকজনকে নিয়ে দোকান ভাঙচুর করেন। এ সময় তাঁর বন্ধু মিজান ছাত্রলীগের কর্মীদের বাধা দিলে তাঁকেও মারধর করা হয়।এ ব্যাপারে অভিযুক্ত পাপনের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কোনো কথা না বলে চলে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম বলেন, ভাঙচুরকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গত বছর বিশ্ববিদ্যালয়ের এক নেপালি ছাত্রকে পেটানোর দায়ে পাপনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।