পাওনা টাকা চাওয়ায় পুলিশের নির্যাতন!
চট্টগ্রামের লোহাগাড়া থানায় পাওনা টাকা চাওয়ায় গতকাল শুক্রবার পুলিশের নির্যাতনের শিকার হন মো. আতিকুর রহমান (২৬) নামের স্থানীয় এক মোটরসাইকেল মেকানিক।জানা যায়, গত ৩১ ডিসেম্বর লোহাগাড়ার পুরান বিওসি এলাকায় উত্তরা মোটরসের সার্ভিসিং সেন্টারে লোহাগাড়া থানার কনস্টেবল মো. জাহাঙ্গীর নিজের মোটরসাইকেল মেরামত করতে দেন। পরদিন তিনি মোটরসাইকেলটি মেরামত সম্পন্ন করে নিয়ে যান। কিন্তু মেরামত বিল বাবদ দুই হাজার ৩১২ টাকা বকেয়া রেখে দেন।গতকাল দুপুর ১২টায় জাহাঙ্গীর বকেয়া টাকা নেওয়ার জন্য আতিককে থানায় যাওয়ার জন্য ফোন করেন। টাকা আনতে গেলে উল্টো থানার দরজার সামনে তাঁকে লাথি, কিল ও ঘুষি মারতে মারতে থানা হাজতে বন্দী করে রাখা হয়। ওখানেও শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় হামলায় অংশ নেন লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক হামিদুর রহমান। থানায় অবস্থানরত উপপরিদর্শক মো. শামসুদ্দিন আতিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।