গাজীপুরের কাপাসিয়ায় ভাঙারি ব্যবসায়ী ইউনুস আলীকে অপহরণ ও হত্যার মামলায় গ্রেপ্তার আসামি আমজাদ হোসেন গতকাল শুক্রবার গাজীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি আদালতে বলেন, পাওনা টাকা না দেওয়ায় ইউনুসকে অপহরণ ও হত্যা করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইউনুস আলী দীর্ঘদিন ধরে কাপাসিয়ার সদর ইউনিয়নের কাপাসিয়া গ্রামে সপরিবারে বসবাস করছিলেন। তিনি কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাঙারির ব্যবসা করতেন। গত বুধবার সকালে স্ত্রী শিউলী আক্তারকে নিয়ে কাপাসিয়া বাজারে যান ইউনুস। তাঁরা একসঙ্গে বাজার করার পর শিউলী বাড়ি ফিরে যান। ওই সময় দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তরা ইউনুসকে তুলে নিয়ে যায়। বেলা দুইটার দিকে ইউনুসের মুঠোফোন থেকে শিউলীকে ফোন দেয় দুর্বৃত্তরা। তারা ইউনুসকে তুলে নেওয়ার খবর জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ইউনুসের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, মুক্তিপণ দাবির কথা জেনে তিনি তাঁর বাবার মুঠোফোনে অনেকবার কল দিয়েছেন। কিন্তু কেউ ফোন ধরেনি। ওই দিন রাত ১০টার দিকে বাড়ি থেকে প্রায় পৌনে এক কিলোমিটার দূরে একটি লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লাশটি ওই দিন রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ কাপাসিয়ার বানেরচালা এলাকার আমজাদ হোসেনকে (৪৮) গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমূল হুদা বলেন, আমজাদ হোসেন স্বীকারোক্তিতে বলেন, তিনি ও তাঁর দুই সহযোগী ইউনুস আলী হত্যার ঘটনায় জড়িত। তাঁর (আমজাদ) এক বন্ধু ইউনুসের কাছে টাকা পাওনা ছিলেন। ওই টাকা দীর্ঘদিন ধরে ফেরত দিচ্ছিলেন না ইউনুস। এ কারণে তাঁকে অপহরণ করে প্রথমে মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা চাওয়া হয়। কিন্তু বেশ কিছু সময় পার হওয়ার পরও টাকা পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে তাঁকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।