পাওনা টাকা না পেয়ে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় পাওনা টাকা চাইতে গিয়ে তা না পেয়ে অভিমান করে মোখলেছুর রহমান (২৭) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি নিজের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান।এলাকাবাসীর কয়েকজন জানান, পীরগাছা উপজেলা সদরের সর্দারপাড়া গ্রামের পান দোকানি মোখলেছুর রহমান (২৭) সুখানপুকুর গ্রামের বাসিন্দা ও পীরগাছা কলেজের প্রভাষক হাবিবুর রহমানের কাছে পান-সিগারেটের বকেয়া বাবদ ৬১৩ টাকা পেতেন। ওই টাকার জন্য মোখলেছুর রহমান কয়েক দিন ঘুরেও তা না পেয়ে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পীরগাছা মিতা সিনেমা হলসংলগ্ন তাঁর পানের দোকানের সামনে অভিমান করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে গুরুতর অসুস্থ হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সেখানে তিনি মারা যান।হাবিবুর রহমান বলেন, ‘আমার কাছে পাওনা ৬১৩ টাকার মধ্যে ৫০০ টাকা পরিশোধ করেছি এবং বাকি ১১৩ টাকা ওই দিন সন্ধ্যায় দেওয়ার কথা ছিল। এর মধ্যে সে অভিমান করে এ ঘটনা ঘটিয়েছে।’পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী বলেন, মোখলেছুর রহমান অভিমান করে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা হয়েছে।