পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, স্থানীয় বাসিন্দা ছৈয়দ আহমদ একই এলাকার সুপারি ব্যবসায়ী আজিজুল ইসলামের কাছে ৪৭০ টাকা পাওনা ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি আজিজুলের কাছে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ছৈয়দ আহমদসহ আরও কয়েকজন আজিজুলকে ধরে নিয়ে বাড়িতে আটকে রাখেন। এ খবর পেয়ে ১০-১২ লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আজিজুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে ছৈয়দ আহমদ, সিরাজুল ইসলাম, করিম উল্লাহ, মিনারা পারভীন, রাজিয়া আক্তার, রোখসানা আক্তার, আজিজুল ইসলাম, আবদুল মাবুদ, মো. ইউনুছ, মকবুল আহমদ, হায়দার আলী, শফি উল্লাহ, শাহাব উদ্দিন, রহিম উল্লাহ, ছৈয়দুল ইসলাম আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজিজুল ইসলাম বলেন, ‘সুপারি কেনার কিছু টাকা তিনি আমার কাছে পেতেন। হিসাব-নিকাশ করার কথা বলে আমাকে তাঁদের বাড়িতে নিয়ে চোরের মতো গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। আমার পরিবারে লোকজন খবর পেয়ে বিষয়টি জানতে এলে কোনো কথা ছাড়াই তাঁদের ওপর হামলা চালানো হয়।’
ছৈয়দ আহমদ বলেন, ‘আজিজুলকে গাছের সঙ্গে বেঁধে রাখা ও মারধর করা হয়নি। বরং তাঁর পরিবারের লোকজন কোনো কথা ছাড়া দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে আমার পরিবারের সদস্যদের মারধর করে আহত করেছেন।’ বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।