পাওনা টাকার জন্য দুই নারীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা পরিশোধ করতে বিলম্ব হওয়ায় এক পাওনাদার একদল সন্ত্রাসী নিয়ে বাড়িতে ঢুকে দুই নারীকে মারধর, মালামাল লুট এবং রবিন দাস (৩৬) নামের এক তরুণকে অপহরণ করেছে। গত শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনয়নের কুম্ভুখালী গ্রামের দাসবাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাত ১০টার দিকে ঝিলনা সেতু এলাকা থেকে রবিনকে এবং লুট হওয়া মালামাল গতকাল শনিবার বেলা তিনটার দিকে ঝিলনা গ্রামের দলিল উদ্দিন চৌকিদারবাড়ির সামনের রাস্তা থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় শুক্রবার রাতেই মারধরের শিকার আরতি রানী বাউফল থানায় লিটুসহ ছয়জনকে আসামি করে মামলা করেছেন। লিটু সিকদার ঝিলনা গ্রামের আবদুল বারেক সিকদারের ছেলে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি জামিনে আছেন। আরতি রানী বলেন, ‘আমার স্বামী তপন দাস চার মাস আগে ঝিলনা গ্রামের লিটু সিকদারের কাছ থেকে ৬০ হাজার টাকা ধার আনেন। ওই টাকা সুদে-আসলে এক লাখ টাকা দাবি করে লিটু সিকদার। এ নিয়ে স্থানীয় সালিসে পাওনা টাকার পরিমাণ ৮৭ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়। এরই মধ্যে গতকাল (শনিবার) ৫০ হাজার টাকা পরিশোধ করার কথা ছিল। সে অনুযায়ী টাকা জোগাড় করে রাখা হয়। কিন্তু শুক্রবার দুপুরে লিটু ২০-২৫ জন সন্ত্রাসীকে নিয়ে ঘরে ঢুকে আমাকে ও আমার এক জাকে মারধর করে আমাদের দুজনের কান থেকে স্বর্ণের দুল ও বাড়ির উঠানে রাখা একটি ট্রাক্টর, ধান মাড়াইয়ের একটি যন্ত্র, একটি সেচযন্ত্র, একটি ঠেলাগাড়ি, দুটি গরু ও নগদ ৫০ হাজার টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।’ কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি নিষেধ করেছি। এর পরও এই অমানবিক ঘটনা ঘটানো হয়েছে।’মারধরের অভিযোগ অস্বীকার করে লিটু সিকদার বলেন, ‘ভারতে পালিয়ে যেতে পারে—এ আশঙ্কায় ওই মালামাল আনা হয়েছে। তবে গতকাল স্থানীয় ধলু চৌকিদারের মাধ্যমে মালামাল ফিরিয়ে দেওয়া হয়েছে।’ বাউফল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, লুট হয়ে যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।