পাওনা টাকার জন্য সাভারে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ছায়াবীথি এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমগীর হোসেন (২৭) নামের এক যুবক খুন হয়েছেন।আলমগীর পাবনার সাঁথিয়া উপজেলার মাঝগাঁও গ্রামের লিয়াকত আলী প্রামাণিকের ছেলে। এ ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে।নিহত আলমগীর আশুলিয়ার জামগড়া এলাকার বান্দু গার্মেন্টসে চাকরি করতেন। পাঁচ মাস আগে চাকরি ছেড়ে দিয়ে তিনি বেকার হয়ে পড়েন।সাভার থানার পুলিশ জানায়, এক মাস আগে আলমগীর তাঁর বন্ধু আকতার হোসেনকে কয়েক হাজার টাকা ধার দেন। কথামতো ওই টাকা পরিশোধ না করায় আলমগীর কয়েক দিন আগে আকতারকে গালাগাল করে যেকোনো উপায়ে টাকা আদায় করার হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে আকতার আলমগীরকে খুন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল দুপুর একটার দিকে ছায়াবীথি এলাকার একটি পুকুরপাড়ে বসে কয়েকজন বন্ধুর সঙ্গে আলমগীর গল্প করছিলেন। প্রত্যক্ষদর্শী আলমগীরের বন্ধু শামীম হোসেন অভিযোগ করেন, এ সময় আকতার ওই এলাকার পাভেজ, বিল্টু, আজাদ, শরীফ, ইব্রাহীম ও সাদ্দামকে নিয়ে গিয়ে আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে চলে যান। স্থানীয় রাবেয়া ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, আকতারসহ ওই সন্ত্রাসীরা সাভারের ছিনতাইকারী দলের চিহ্নিত সদস্য। এ ঘটনায় নিহত আলমগীরের বাবা লিয়াকত আলী প্রামাণিক বাদী হয়ে গতকাল সাভার থানায় হত্যা মামলা করেন। মামলায় আকতারসহ ওই ছয়জন এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। পাওনা টাকার জন্যই আলমগীর খুন হয়েছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।