পাওনা টাকার জন্য...
ছেলের চিকিৎসার জন্য এক হাতুড়ে চিকিৎসকের কাছ থেকে বাকিতে ওষুধ নিয়েছিলেন তৈরি পোশাক কারখানার শ্রমিক খাদিজা বেগম (৪৫)। সময়মতো সেই টাকা পরিশোধ করতে না পারায় ওই চিকিৎসক তাঁর ওপর অমানবিক নির্যাতনের পর মাথার সব চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।গত মঙ্গলবার দুপুরে ঢাকার সাভারের রাজাশন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ শরীয়ত উল্লাহ নামের ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে।সাভার থানার পুলিশ জানায়, মাস দুয়েক আগে খাদিজা তাঁর অসুস্থ ছেলের জন্য রাজাশন এলাকার শরীয়তের কাছ থেকে বাকিতে ৭০০ টাকার ওষুধ নেন। কয়েক দিন পর ২০০ টাকা পরিশোধ করেন। চলতি মাসের বেতন পেয়ে অবশিষ্ট টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার বিকেলে শরীয়ত কয়েকজন লোক নিয়ে খাদিজার বাসায় গিয়ে পাওনা টাকার জন্য চাপ দেন। অপারগতা প্রকাশ করলে তাঁরা খাদিজাকে বেদম মারধর করেন। একপর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে শরীয়তের দোকানের সামনে এনে লাঠিপেটা করে মাথার সব চুল কেটে দেওয়া হয়।খাদিজা অভিযোগ করেন, নির্ধারিত সময়ের আগেই টাকার জন্য তাঁর ওপর অমানবিক এই নির্যাতন চালানো হয়েছে। তিনি মঙ্গলবার রাতেই শরীয়তসহ কয়েকজনের নামে মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) হারেস শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শরীয়তকে গ্রেপ্তার করা হয়েছে।