পাওনা টাকার দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ, সওজে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাছে পাওনা টাকার দাবিতে গতকাল সোমবার দুপুরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করেছেন ঠিকাদারেরা। এ সময় তাঁরা কার্যালয়ের জানালা-দরজাও ভাঙচুর করেন।
ঝিনাইদহ জেলা সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার সমিতির সভাপতি বাবু অশোক ধর জানান, স্থানীয় ঠিকাদারদের সওজ বিভাগের কাছে বিভিন্ন কাজের বিপরীতে প্রায় সাড়ে আট কোটি টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা এ টাকার দাবিতে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। গতকাল বেলা দুইটার দিকে স্থানীয় সওজ ভবনের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ ঠিকাদারেরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা ভবনটির কয়েকটি জানালা-দরজা ভাঙচুর করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। ঘটনার সময় সওজের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম কার্যালয়ের বাইরে ছিলেন।
রফিকুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, সওজের কাছে ঠিকাদারদের টাকা পাওনা আছে। তবে টাকা না থাকায় পাওনা পরিশোধ করা যাচ্ছে না। তবে বরাদ্দ পাওয়া গেলে পাওনা পরিশোধ করা হবে।