পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার চাকরিচ্যুত শ্রমিকেরা পাওনা পরিশোধের দাবিতে গতকাল বৃহস্পতিবার কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা অজুহাতে গত দেড় মাসে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের একটি পোশাক কারখানার ৭৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। নিয়ম অনুযায়ী এসব শ্রমিকের তিন মাসের বেতনসহ অন্যান্য ভাতা পরিশোধ না করেই তাঁদের বের করে দেওয়া হয়। এর আগে তাঁদের কাছ থেকে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়া হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরি হারানোর পর থেকে শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে নিয়ম অনুযায়ী তাঁদের তিন মাসের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় বৃহস্পতিবার দুপুরে শ্রমিকেরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। সন্ধ্যা পর্যন্ত তাঁদের এ কর্মসূচি অব্যাহত ছিল।
শ্রমিক রোকসানা বেগম, হাফিজা বেগমসহ কয়েকজন শ্রমিক বলেন, গত মাসের শেষের দিকে তাঁদের মানবসম্পদ বিভাগে (এইচআর) ডেকে নিয়ে অব্যাহতিপত্রে স্বাক্ষর করতে বলা হয়। তাঁরা আপত্তি জানালে তাঁদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে অক্টোবর মাসের বেতন দিয়ে বের করে দেওয়া হয়।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া অঞ্চলের সভাপতি সৌমিত্র কুমার দাস বলেন, পাওনা নিয়ে গতকাল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আবদুল হালিম বলেন, সাতজন পরিচ্ছন্নতাকর্মী স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গেছেন। তাঁদের পুনরায় যোগদানের সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি বিভাগ বন্ধ হয়ে যাওয়ায় কিছু শ্রমিক বেকার হয়ে পড়েছেন। কিন্তু নিয়ম অনুযায়ী তাঁদের পাওনা পরিশোধ করা হয়েছে।