পাওনা পরিশোধ করতে বলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া পরিশোধ করতে বলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের এক নেতা একটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে ঝুপড়ি দোকানে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে ঝুপড়ি দোকানি রশিদ মিয়ার দোকানে আট হাজার টাকা বকেয়া জমে যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়ব ওরফে সুমনের। সপ্তাহ খানেক আগে আবু তৈয়বের কাছে পাওনা টাকা চান দোকানি। এ সময় আবু তৈয়ব বকেয়া টাকা পরিশোধ না করে উল্টো দোকানির কাছে দুই হাজার টাকা দাবি করেন। নইলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেন।স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল সকাল ১০টার দিকে আবু তৈয়ব ও তাঁর অনুসারী ছাত্রলীগের কিছু কর্মী রশিদ মিয়ার দোকানে তালা দিয়ে চাবি নিয়ে চলে যায়। পরে পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা দোকানটি খুলে দেন। দোকানি রশিদ মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমি আবু তৈয়ব ভাইয়ের কাছে পাওনা আট হাজার টাকা চাইলে তিনি উল্টো আমাকে শাহজালাল হলে গিয়ে দুই হাজার টাকা দিয়ে আসতে বলেন। আমি টাকা না দিতে পারায় আমার দোকান বন্ধ করে দেন তিনি।’ আবু তৈয়ব তালা দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘কিছুদিন আগে আমি ওই দোকানদারকে একজনের কাছ থেকে চার লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছি। এর বিনিময়ে আমাকে সম্মানী দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি। এ জন্য আমি দোকানে তালা দিয়েছি।’ তাঁর দাবি, ‘দোকানদার আমার কাছে আট হাজার টাকা নয়, আরও কম টাকা পাবে।’এদিকে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এই ছাত্রলীগ নেতা গতকাল বিকেলে পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশরাফ রেজাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে এ ঘটনায় আবু তৈয়ব সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়গুলো তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।