পাওনা পরিশোধ না করায় দুই বিদেশি ক্রেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ‘জে কে নিট কম্পোজিট লিমিটেড’ নামের একটি কারখানার সাড়ে নয় কোটি টাকা পরিশোধ না করায় দুই বিদেশি ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশত্যাগের সময় গত মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের টেক্সপ্রেগো জেনারেল ট্রেডিং এলএলসির মালিক নেদারল্যান্ডসের নাগরিক ব্রিট জে লুডাভিগসেন সাকাতা ও ওই প্রতিষ্ঠানের বাংলাদেশ কার্যালয়ের প্রধান ভারতীয় নাগরিক স্যাম্পাত কুমার। তাঁদের বিরুদ্ধে গত মঙ্গলবার সাভার থানায় মামলা করেন জে কে নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম খান। মামলায় অভিযোগ করা হয়, জে কে নিট কম্পোজিট ২০০৯ সাল থেকে টেক্সপ্রেগো জেনারেল ট্রেডিংয়ের সঙ্গে ব্যবসা করে আসছিল। সেই সুবাদে জে কে নিট কম্পোজিট ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত টেক্সপ্রেগোকে নয় কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ৪০৪ টাকার টি-শার্ট ও পোলো শার্টসহ বিভিন্ন ধরনের পোশাক সরবরাহ করে। চুক্তি অনুযায়ী ওই বছরের ২৫ অক্টোবরের মধ্যে পুরো টাকা পরিশোধের কথা। কিন্তু টেক্সপ্রেগো নানা টালবাহানা করে। পরে প্রতিষ্ঠানটির মালিক ব্রিট জে লুডাভিগসেন আবার লিখিত চুক্তির মাধ্যমে গত বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার করেন। এর পরও নানা অজুহাতে টাকা দেননি তিনি। সাভার থানার পুলিশ জানায়, দেশত্যাগের সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিট জে লুডাভিগসেন ও স্যাম্পাত কুমারকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁদের ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁরা জে কে নিট কম্পোজিটের টাকা পরিশোধ করতে পারছিলেন না।