পাওনাদারদের ফাঁসাতে...
খালাতো ভাইকে হত্যার চেষ্টা করে ফেঁসে গেলেন আদম ব্যবসায়ীর ছেলে হাসান ফারুক (২৩)। ওই আদম ব্যবসায়ী লোকজনের পাওনা টাকা ফেরত দিতে না পারায় তাঁর ছেলে অন্যদের ফাঁসাতে এই হত্যাচেষ্টা করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর মহুয়াকুড়ি গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের আদম ব্যাপারি আয়নাল হক বিদেশে লোক পাঠানোর নামে একই গ্রামের চার-পাঁচজনের কাছ থেকে দুই বছর আগে প্রায় আট লাখ টাকা নেন। চাপের মুখে আয়নাল হক টাকা দিতে না পেরে বেশ কিছুদিন আগে তাঁর পরিবার নিয়ে বগুড়ার নিশিন্দারায় চলে যান এবং তাঁর মহুয়াকুড়ির বাড়ি বিক্রি করার জন্য সাইনবোর্ড টানান। এতে পাওনাদারেরা বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে আদম ব্যাপারির ছেলে ফারুক বিভিন্ন সময় পাওনাদারদের নানাভাবে হুমকি দেন। গত সোমবার রাতে ফারুক তাঁর খালাতো ভাই জুয়েলকে (২৫) ওই বাড়িতে ডেকে এনে কৌশলে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর তাঁর হাত-পা বেঁধে মাথায় রড দিয়ে আঘাত এবং হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ভোরে জুয়েলের চিৎকারে গ্রামের লোকজন এসে গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার এবং ফারুককে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ফারুককে গ্রেপ্তার করে। জুয়েলকে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামের ফুলবর রহমানসহ কয়েকজন বলেন, আমরা পাঁচ-ছয়জন বিদেশে যেতে দুই বছর আগে আয়নাল হককে টাকা দিয়েছি। তিনি আমাদের টাকা ফেরত না দিয়ে রাতের অন্ধকারে বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান। আর আয়নাল হকের ছেলে আমাদের ফাঁসানোর জন্য তাঁর খালাতো ভাইকে ওই বাড়িতে এনে হত্যার পরিকল্পনা করেছিলেন। দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ফারুক জুয়েলকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় আহত জুয়েলের মামি রোজিনা বেগম মঙ্গলবার ফারুক ছাড়াও অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে মামলা করেছেন।