পাওয়া গেল থানা থেকে চুরি হওয়া ৪ মোটরসাইকেল
মামলা হওয়ার এক দিন পর মিরপুর থানার চত্বর থেকে গায়েব হওয়া চারটি মোটর সাইকেল আজ বৃহস্পতিবার থানা চত্বরে ফিরে এসেছে। গতকাল বুধবার ওই চারটি মোটরসাইকেলের হদিস পাচ্ছিল না পুলিশ।
গত মঙ্গলবার মিরপুর থানার পুলিশ মানিকগঞ্জ, যশোর, ফরিদপুর ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২২৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। থানা চত্বর ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় ছিল।
মিরপুর থানার পুলিশ জানায়, সম্প্রতি মিরপুর থানায় মোটরসাইকেল ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলার সূত্র ধরে মানিকগঞ্জ, যশোর, ফরিদপুর ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২২৫টি মোটরসাইকেল উদ্ধার করে মিরপুর থানার পুলিশ। মোটরসাইকেলগুলো ট্রাকে করে ঢাকার মিরপুর থানায় আনার পর তা তত্ত্বাবধানের জন্য পুলিশের তিন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। গতকাল বুধবার হঠাত্ গুনে দেখা যায়, মোটরসাইকেল আছে ২২১টি। দিনভর গুনেও চারটির হিসাব মেলেনি। শুরু হয় অনুসন্ধান। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, খোয়া যাওয়া চারটি মোটরসাইকেল পাওয়া গেছে। তিনি বলেন, গতকাল বুধবার চোরাই চারটি মোটর সাইকেল না পাওয়ায় ওই রাতে থানায় একটি চুরির মামলা করা হয়। পরে আজ সকালে থানার সামনে মোটর সাইকেলগুলো পাওয়া যায়।
সালাউদ্দিন খান আরও বলেন, ট্রাক থেকে নামিয়ে চোরাই মোটরসাইকেলগুলো থানার পেছনে রাখা হয়েছিল। নামানোর সময় হয়তো চারটি মোটর সাইকেল থানার সামনে রাখা হয়। তিনি বলেন, চারটি মোটর সাইকেল রাখার পেছনে হয়তো কারও খারাপ উদ্দেশ্য ছিল।
তবে পুলিশের একজন কর্মকর্তা বলেন, চুরির উদ্দেশ্যেই ওই মোটরসাইকেলগুলো সরিয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, পুলিশের কেউ এর সঙ্গে জড়িত। চারটি মোটরসাইকেল থানা থেকে চুরিই হয়েছিল। পরে পুলিশ কর্মকর্তারা ভয়-ভীতি দেখিয়ে সেগুলো ফিরিয়ে আনেন।