নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় সাত শতাধিক পাওয়ার ক্রাশারে অবাধে আখ মাড়াই চলছে। প্রতিদিন গড়ে আড়াই হাজার মেট্রিক টন আখ মাড়াই করে গুড় তৈরি হচ্ছে।চিনিকলের কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মিলের নিজস্ব কৃষি খামারে দুই হাজার ৩১৮ একরসহ মিল এলাকায় ২৭ হাজার ২০০ একর জমিতে আখ চাষ হয়েছে। আখ উৎপাদিত হবে চার লাখ ৬৩ হাজার মেট্রিক টন। ১১ অক্টোবর পর্যন্ত চিনিকল এলাকায় ৭১২টি পাওয়ার ক্রাশারে প্রায় ৪০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। চলতি মাসের মধ্যে ৫০ হাজার মেট্রিক টনেরও বেশি আখ এভাবে মাড়াই হয়ে যাবে। এই চিনিকলে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫০ মেট্রিক টন আখ মাড়াই করা সম্ভব। অথচ পাওয়ার ক্রাশারগুলো প্রতিদিন গুঁড় তৈরিতে আড়াই হাজার মেট্রিক টনেরও বেশি আখ মাড়াই করছে। এ ছাড়া পাওয়ার ক্রাশারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে।মিলের ইক্ষু সংগ্রহ ব্যবস্থাপক লিয়াকত আলী জানান, চলতি মৌসুমে কৃষকদের আখ চাষ, কৃষি প্রযুক্তি ও কারিগরি সহায়তা ছাড়াও প্রায় ছয় কোটি টাকার সার, বীজ এবং কীটনাশক উপকরণ ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। আখ চাষিদের এই ঋণ চিনিকলে আখ সরবরাহ করে পরিশোধ করার কথা। কিন্তু ঋণ গ্রহণকারী চাষিরাও পাওয়ার ক্রাশার মালিকদের কাছে আখ বিক্রি করে জমিতে অন্য ফসল আবাদের প্রস্তুতি নিচ্ছেন। ফলে বিতরণ করা ঋণের অর্থ অনাদায়ি থাকার আশঙ্কা দেখা দিয়েছে।মিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পাওয়ার ক্রাশার বন্ধের জন্য চাষিদের নিয়ে উঠান বৈঠক, বিভিন্ন এলাকায় মাইকিং, পোস্টারিং ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। এতেও কোনো ফল হচ্ছে না। সরকার আখের মূল্য মণপ্রতি ৮৩ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ৯৩ টাকা ৫৬ পয়সা করেছে। তাতেও আখচাষিরা খুশি হতে পারেননি। পাওয়ার ক্রাশার মালিকেরা প্রতি মণ আখ ১২০ থেকে ১৪০ টাকায় কিনছেন। এ অবস্থায় পাওয়ার ক্রাশার বন্ধ করা না গেলে এই আখ মাড়াই মৌসুমে দুই থেকে তিন মাসের বেশি চিনিকলটি চালু রাখা সম্ভব হবে না। বাংলাদেশ আখচাষি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, ‘অজ্ঞাত রোগে খেতের আখ মারা যাচ্ছে। তাই চাষিদের স্বার্থে ২২ অক্টোবর থেকে মিলে আখ মাড়াই শুরুর দাবি জানিয়েছি।’নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুবুর রহমান বলেন, কোনোভাবেই আখচাষিদের পাওয়ার ক্রাশারে আখ সরবরাহ থেকে বিমুখ করা যাচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।