
এককালের প্রমত্তা পদ্মাকে আর পদ্মা বলে চেনা যায় না। পাকশীর বিখ্যাত হার্ডিঞ্জ ব্রিজের তলায় দুই পাশে ধু ধু বালুচরের মধ্য দিয়ে শীর্ণ ধারায় বয়ে চলেছে নদীটি। অদূরেই নর্থ বেঙ্গল পেপার মিলের বিশাল স্থাপনা। নদীটির মতোই হতমান।
কারখানা ভবনের সামনে পড়ে থাকা যন্ত্রপাতিতে জং ধরেছে। চত্বরজুড়ে বুনো উচ্ছ্বাসে বেড়ে উঠেছে আগাছা। এক যুগ ধরে এখানে জমে আছে স্তব্ধতা। ২০০২ সালের ৩০ নভেম্বর বন্ধ হয়ে যায় মিলের উৎপাদন। তখন এখানে মাসে ১৫ হাজার টন বিভিন্ন গ্রেডের কাগজ উৎপাদিত হতো। বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থান ছিল প্রায় এক হাজার ১০০ মানুষের।
নর্থ বেঙ্গল পেপার মিলের সর্বশেষ সিবিএ সাধারণ সম্পাদক রশিদ উল্লাহ জানালেন, মিলটি যখন বন্ধ হয়ে যায়, তখন এটি পূর্ণ মাত্রায় উৎপাদনক্ষম ছিল। চিনিকলে মাড়াই করা আখের ছোবড়া ‘বেগাস’ ছিল এর কাঁচামাল। বেগাসেরও সংকট ছিল না। সরকারি সিদ্ধান্ত এবং পরিচালনাগত কিছু ত্রুটির কারণে মিলটি লোকসানি হয়ে পড়ে। তখন উৎপাদিত কাগজের দাম পড়ত প্রতি টন ৪২ হাজার টাকার মতো, বিক্রি হতো ৪০ হাজার টাকা টন। এদিকে মিলটি বন্ধ করে দেওয়ার পরপরই কাগজের দাম বেড়ে ৭০ হাজার টাকা টনে উঠে যায়।
মিলটি চলত ফার্নেস তেলে। ফলে উৎপাদন খরচ বেড়ে যেত। গ্যাস ব্যবহার করলে জ্বালানি খরচ কমে আসত শতকরা প্রায় ৪০ ভাগ। গ্যাসের লাইনও মিলগেটে চলে এসেছিল। ঠিক এমন অবস্থায় বাংলাদেশ রসায়ন িশল্প সংস্থার (বিসিআইসি) মালিকানাধীন মিলটি সরকার বন্ধ করে দেয়।
কাগজকলটি চালু করা ঈশ্বরদীবাসীর প্রাণের দাবি৷ প্রতিবারই জাতীয় নির্বাচনের সামনে এটি চালু করা অন্যতম প্রধান ইস্যু হয়ে ওঠে। কিন্তু বাস্তবে কারখানার অচল চাকা ঘোরে না। পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম বললেন, ‘এবারেও আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বন্ধ হয়ে যাওয়া সরকারি কারখানাগুলো চালু করার প্রতিশ্রুতি ছিল। আশা করছি ঈশ্বরদীর এই ঐতিহ্যবাহী কারখানাটি সরকার চালু করবে।’
হার্ডিঞ্জ ব্রিজের উত্তর পাশে ১৩৩ একর জমির ওপর এই কাগজকল। পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন ১৯৬৬ সালে একটি জার্মান প্রতিষ্ঠানকে দিয়ে এটি প্রতিষ্ঠা করে। তবে এর পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছিল স্বাধীনতার পর, ১৯৭২ সালে। পুরোদমে উৎপাদন শুরু ১৯৭৫ সাল থেকে।
পে-অফ ঘোষণা করা হলেও এখন এই মিলে কর্মরত আছেন ব্যবস্থাপনা পরিচালক, প্রশাসনিক ব্যবস্থাপক, হিসাব কর্মকর্তা, নিরাপত্তারক্ষীসহ মোট ৯২ জন। এর মধ্যে আনসার ৫০ জন। ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মহিউদ্দিন এসেছেন চলতি বছরের ২৬ জানুয়ারি। তিনি প্রথম আলোকে জানালেন, কাগজকলটি চালু করতেই পাঠানো হয়েছে তাঁকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বন্ধ সরকারি কারখানাগুলো চালু করতে উদ্যোগ নেওয়ার জোর নির্দেশ দিয়েছেন। শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বিসিআইসির কর্মকর্তারা এর মধ্যে দুটি সভাও করেছেন। সেই সভার সিদ্ধান্ত অনুসারেই গত ২২ মে থেকে ২ জুন পর্যন্ত ১০ সদস্যের একটি বিশেষ কারিগরি দল মিলটির বর্তমান অবস্থা খঁুটিয়ে পরীক্ষা করেছেন৷ এবং কীভাবে এটিকে লাভজনক করে তোলা যায়, তার একটি পরিকল্পনা দিয়েছেন।
মিলটির কাগজ তৈরির মূল মেশিন ভালো আছে। তবে কিছু মেরামতের প্রয়োজন হবে। নতুন করে চালু করলে বেগাসের বদলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে আমদানি করা ‘পাল্প’ বা পুরোনো কাগজ। উৎপাদনের পরিমাণ হবে মাসে ১০ হাজার মেট্রিক টন। মিলের কাগজ বিক্রি নিয়ে একটি সমস্যা থাকে। সে জন্য সরকারি প্রতিষ্ঠানের কাছে উৎপাদিত কাগজ বিক্রির বন্দোবস্ত থাকবে। এই দিকগুলোর সুরাহা হলে মিলটিকে আবার লাভজনক করা যাবে বলে বিশেষজ্ঞ দলটি পরামর্শ দিয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক জানান, চলতি মাসের মধ্যেই বিশেষজ্ঞ দলের পরামর্শ প্রতিবেদন আকারে বিসিআইসির পরিকল্পনা সেলে পাঠানোর কাজ চলছে। সেলে অনুমোদনের পর যাবে মন্ত্রণালয়ে। সেখানে চূড়ান্ত অনুমোদন পেলেই কাগজকলের অচল চাকা সচল করার উদ্যোগ শুরু হবে। বহু মানুষের উপস্থিতি, হাঁকডাক, যন্ত্রের শব্দে ফিরে আসবে প্রাণচাঞ্চল্য। কেটে যাবে পাকশীর কাগজকল চত্বরের জমাট স্তব্ধতা।