পাকশী-দর্শনা লাইনের ১৪টি স্টেশনের সিগনাল ঝুঁকিপূর্ণ
জরাজীর্ণ ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতির ব্যবহার এবং যন্ত্রাংশ চুরি হওয়ার কারণে পাকশী-দর্শনা লাইনে ১৪টি রেলস্টেশনের সিগনাল-ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে সিগনাল-ব্যবস্থায় কাঙ্ক্ষিত নিরাপত্তা ও কার্যক্ষমতা নেই। রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের সংকেত ও টেলিকমিউনিকেশন কার্যালয় সূত্রে জানা গেছে, পাকশী থেকে দর্শনা পর্যন্ত ১৪টি স্টেশনে এখনো মান্ধাতা আমলের সিগনাল-ব্যবস্থা চালু রয়েছে। বর্তমান সময়ের জন্য কার্যত অনুপযোগী ‘ইলেকট্রো মেকানিক্যাল লকিং সিগনাল’ নামের এই সিগনাল পদ্ধতি ১৯৩৫ সালে এসব স্টেশনে চালু হয়। তবে পাকশী বিভাগের দর্শনা-খুলনা, ঈশ্বরদী-রাজশাহী-ঢাকা, পার্বতীপুর-সৈয়দপুর স্টেশন পর্যন্ত আধুনিক ‘ইন্টারলকিং’ সিগনাল পদ্ধতি চালু আছে। কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এসব স্টেশনের সিগনাল কেবিন ও এর যন্ত্রাংশগুলো অত্যন্ত জরাজীর্ণ। সিগনাল কেবিন তৈরির সময় যেসব গিয়ার, হুইল, তার, পাত, এংগেল, রডসহ যন্ত্রাংশ বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছিল, সেগুলো আজও পরিবর্তন করা হয়নি। ফলে যন্ত্রাংশগুলো ক্ষয়ে অনেকটা অকেজো হয়ে পড়েছে। সূত্র আরও জানায়, ২৫ বছর চলার নিশ্চয়তা (গ্যারান্টি) থাকলেও প্রায় ৮০ বছর ধরে এসব যন্ত্রপাতি দিয়ে সিগনাল-ব্যবস্থা চালু রাখা হয়েছে। সিগনালগুলো ভালোভাবে কাজ করছে না। সিগনাল-ব্যবস্থায় কাঙ্ক্ষিত নিরাপত্তা ও কার্যক্ষমতা নেই। নাম গোপন রাখার শর্তে কুষ্টিয়ার পোড়াদহ জংশন স্টেশনের একজন কর্মচারী (সিগনাল-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত) জানান, স্টেশনের উভয় রেললাইনের পাশে যেসব ‘হাতওয়ালা সিগনাল’ রয়েছে, সেগুলো প্রায়ই কাজ করে না। এ জন্য রিপিটার সিগনাল বসানো হয়েছে। দর্শনা রেলস্টেশনের একজন কর্মকর্তা জানান, পুরাতন সিগনাল কাজ করে না। ফলে তাঁরা হাত তুলে ট্রেন আসা-যাওয়ার সংকেত দেন। কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনমাস্টার রুস্তম আলী জানান, পাকশী ও মিরপুর রেলস্টেশন বন্ধ হয়ে যাওয়ায় এই লাইনে সিগনাল-ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে রেলস্টেশনে এসে দাঁড়ালে চালকের হাতে অপারেশন পেপার টিকিট দিয়ে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বিভিন্ন পয়েন্টে মান্ধাতা আমলের সিগনাল কাজ করছে না। ফলে হঠাৎ লাইন ব্লক (বন্ধ) হয়ে যাচ্ছে। পাকশী বিভাগীয় রেলওয়ে সংকেত ও টেলিকমিউনিকেশনের প্রধান মিজানুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে পাকশী-দর্শনা লাইনে বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে। চোরেরা প্রায়ই সিগনালের তার, রড, এংগেলসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। এ ছাড়া এই লাইনে সিগনাল-ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ব্যবহারের ফলে এর যন্ত্রপাতি ক্ষয়ে গেছে। মেরামতের জন্য খুচরা যন্ত্রাংশ বাজারে পাওয়া যাচ্ছে না।