পাকশী রেলে বিশেষ নিরাপত্তা, টহল

নাশকতা ও জঙ্গি তৎপরতার আশঙ্কায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ২৪টি স্টেশন, ইয়ার্ড, রেললাইনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আজ মঙ্গলবার সকাল থেকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তাকর্মীরা ২৪ ঘণ্টা সেখানে বিশেষ টহল দিচ্ছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড কার্যালয় সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধীদের বিভিন্ন মামলার রায়ের পর জামায়াত-শিবির রেললাইনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক নাশকতা চালিয়েছে। যেকোনো সময় আদালতে মানবতাবিরোধী অপরাধীদের মামলার রায় ঘোষণা হতে পারে। এতে রেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, নাশকতা ও জঙ্গি তৎপরতা বাড়তে পারে। এ আশঙ্কা থেকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট আমিনুর রশীদ প্রথম আলোকে জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশ পেয়ে রেলের স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কঠোর সতর্কাবস্থায় রাখা হয়েছে প্রহরীদের। লালমনিরহাট বিভাগেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য চলমান ডিউটির পাশাপাাশি ৫০ জন অতিরিক্ত নিরাপত্তা প্রহরী ২৪ ঘণ্টা বিশেষ দায়িত্ব পালন করছেন।
বুলেটপ্রুপ জ্যাকেট ও হেলমেট পরে অস্ত্র নিয়ে এসব প্রহরী খুলনা, যশোর, দর্শনা, রাজবাড়ী, পাকশী, ঈশ্বরদী, সৈয়দপুর, সান্তাহার, পার্বতীপুরসহ ২৪টি স্টেশন, ইয়ার্ড, রেল স্থাপনা ও লাইনে পেট্রোলিং ব্যবস্থা জোরদার করেছেন তাঁরা। নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখাকেও তৎপর করা হয়েছে। তাঁরা মাঠে নেমে খোঁজখবর নিচ্ছেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রেলে নাশকতা ও জঙ্গি হামলার আশঙ্কায় রেল পুলিশ ঈশ্বরদী জিআরপি থানার আওতাধীন ৬৬ কিলোমিটার রেলপথে বিশেষ টহল দিচ্ছেন। বিশেষ করে ট্রেনের নিরাপত্তার জন্য তাঁরা রেল প্রহরীদের সঙ্গে নিয়ে কাজ করছেন। রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ স্টেশন, সেতু, লোকো, ওয়ার্কশপ, রেললাইন ও ট্রেন গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে গত রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হয়েছে। এ মামলার রায় অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। যেকোনো দিন এ রায় ঘোষণা করা হবে। এর আগে দুটি ট্রাইব্যুনালে (ট্রাইব্যুনাল-১ ও ২) ১০টি মামলার কার্যক্রম শেষ হয়। এর মধ্যে নয়টির রায় ঘোষণা করা হয়েছে। ট্রাইব্যুনাল-১-এ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার রায় অপেক্ষাধীন রয়েছে।