পাকশী রেলের গাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদের সামনে থেকে গত শনিবার দুপুরে দিনের বেলায় রেলের বেশ কয়েকটি গাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ গাছের দুটি ডাল উদ্ধার করেছে। পাকশী ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল আলম ওরফে নান্টু এবং ইউপি সচিব মিজানুর রহমান গাছ কাটার নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসী জানান, শনিবার দুপুরে ১০-১২ জন যুবক দা, কুড়াল ও করাত দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে রেলের বেশ কয়েকটি গাছ কেটে নেন। এর মধ্যে রয়েছে তিনটি শিমুলগাছ। আরও তিনটি শিমুলগাছ গোড়া থেকে কাটার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। গাছ তিনটি বর্তমানে বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের শ্রমিক মুনজেরা বেগম ও মনোয়ারা খাতুন জানান, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নান্টু মেম্বারের লোকজন তাঁদের সামনে গাছগুলো কেটে নিয়ে যায়। এ সময় তাঁদের জানানো হয়, রাস্তার লোকজনের চলাচলে অসুবিধা হওয়ায় নান্টু মেম্বার ও মিজানুর রহমান গাছগুলো কেটে নিতে বলেছেন। শ্রমিক সরদার আবদুর রহিম জানান, গাছ কেটে নেওয়ার জন্য কয়েক দিন ধরে সচিব ও মেম্বার তাঁকে অনুরোধ করে আসছিলেন।পাকশী পুলিশ ফাঁড়ির হাবিলদার মতিয়ার রহমান জানান, খবর পেয়ে তিনি সেখানে গেলে গাছচোরেরা পালিয়ে যায়। তিনি লুট করা দুটি গাছের ডাল সেখান থেকে উদ্ধার করেন। গাছ লুটের বিষয়টি পাকশীর রেল কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পাকশী রেলের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-২ আহম্মদ হোসেন জানান, তিনি তদন্তের জন্য লোক পাঠিয়েছেন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল আলম ও মিজানুর রহমান। নান্টু মেম্বার জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে তাঁর জানামতে, রাস্তা দিয়ে চলাচলে অসুবিধা হওয়ায় এলাকার কিছু যুবক না বুঝে গাছ কাটছিলেন। মিজানুর রহমান জানান, ঘটনার দিন তিনি পাবনায় ছিলেন। তাঁকে অহেতুক ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।