পাকশীতে রেলের উচ্ছেদ অভিযান শুরু, ৫৫ মিনিট পর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) পাবনার পাকশী অঞ্চলের জমি থেকে একটি স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করার কিছুক্ষণের মধ্যেই তা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রেল কর্তৃপক্ষ দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অঞ্চলের সবচেয়ে বড় স্থাপনা পাকশী রিসোর্ট উচ্ছেদ অভিযান শুরু করে। মাত্র ৫৫ মিনিট পর সেই উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।রেল কর্তৃপক্ষ বলেছে, স্থাপনাটির পক্ষে আদালতের স্থিতাবস্থা থাকায় রেলপথ মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে অভিযান আপাতত বন্ধ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী অঞ্চলের ভূমি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়ের নেতৃত্বে সকাল ১০টায় উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু হয়। পাবনা জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম ও মশিউর রহমানসহ উচ্ছেদ অভিযানে দুই শতাধিক পুলিশ এবং ৮৫ জন কর্মী অংশ নেন। পুরো দলটি রিসোর্ট এলাকায় পৌঁছালে পাবনা জেলা বার সমিতির সভাপতি আজিজুল হকের নেতৃত্বে কয়েকজন আইনজীবী অভিযান বন্ধের পক্ষে সুপারিশ করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী ও রেল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। রেল কর্তৃপক্ষ আইনজীবীদের কথা না শুনে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত বহাল রাখে এবং বেলা ১১টা থেকে একটি বুলডোজারের সাহায্যে উচ্ছেদ অভিযান শুরু করে। রিসোর্টের প্রধান ফটক ভেঙে একটি ভবনের অর্ধেক অংশ ভাঙা হলে বেলা ১১টা ৫৫ মিনিটে রেল কর্তৃপক্ষ অভিযান স্থগিত করে দেয়।উচ্ছেদ অভিযান শুরু করে আবার তা স্থগিত করার কারণ জানতে চাইলে পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, উচ্ছেদ অভিযান শুরুর পর পরই রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন আইনজীবীদের নিয়ে তাঁর কাছে গিয়ে এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল-সংক্রান্ত একটি কাগজ দেখান। তৎক্ষণাৎ তিনি বিষয়টি রেল মন্ত্রণালয়কে জানান। তখন রেলসচিব মোহাম্মদ মহবুব উর রহমান বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) পাকশী অঞ্চলের ভূমি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়কে উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশ দেন। কিরণ চন্দ্র রায় বলেন, রেলপথ মন্ত্রণালয়ে দায়িত্বরত সচিবের নির্দেশে এই মুহূর্ত থেকে উচ্ছেদ অভিযান স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ এলে আবার উচ্ছেদ অভিযান শুরু করা হবে। এ প্রসঙ্গে পাকশী রিসোর্টের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘জমিটির মালিকানা বিষয়ে আমাদের বৈধ কাগজপত্র রয়েছে। রেল কর্তৃপক্ষ হঠাৎ এই উচ্ছেদ অভিযান শুরু করায় আমরা বিস্মিত হয়েছি।’ প্রসঙ্গত, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) পাকশী অঞ্চলের প্রায় ২৩৪ একর জমি অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে। রেল কর্তৃপক্ষের ভাষ্যমতে, পাকশী রিসোর্ট এর মধ্যে অন্যতম। প্রায় ১১ দশমিক ৬ একর জমি দখল করে রিসোর্টটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশ হয়েছে।