পাকশীতে রেলের জমিতে উঠছে অবৈধ স্থাপনা
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে রেলওয়ের জমি দখলের পর সেখানে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ অবৈধ স্থাপনাটি একবার ভেঙে ফেলে। কিন্তু একটি বেসরকারি সংস্থার পরিচালক আবারও সেখানে ঘর তুলছেন।সংস্থাটির পরিচালক মকলেছুর রহমান ওরফে শাহীন রেলের জমিতে বাড়ি করার কথা স্বীকার করেছেন।পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কার্যালয় সূত্রে জানা গেছে, পাকশী বাজারসংলগ্ন ফুরফুরা শরিফের সামনে রেলের কয়েক বিঘা জমি অবৈধভাবে দখলে নিয়ে মাস খানেক ধরে মকলেছুর রহমান পাকা বাড়ি তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কার্যালয়ের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে আংশিক স্থাপনা ভেঙে দেন এবং সেখানে কোনো রকম স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশ উপেক্ষা করে মকলেছুর রহমান আবারও সেখানে পাকা বাড়ি তৈরির কাজ শুরু করেন।এ ব্যাপারে পাকশী রেলওয়ে ভূসম্পত্তি কার্যালয়ের পক্ষ থেকে মকলেছুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। কিন্তু তিনি অবৈধ স্থাপনা নির্মাণ থামাননি।গত শনিবার সরেজমিনে পাকশী বাজারসংলগ্ন ফুরফুরা শরিফের সামনে দেখা যায়, জায়গাটি টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভেতরে ইটের গাঁথুনি দিয়ে দেয়াল তোলা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, মকলেছুর রহমান প্রভাব খাটিয়ে রেলের বাসা দখলে নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি ঈশ্বরদীতে ‘লাকী ভোগ্যপণ্য সমবায় সমিতি’ নামে কথিত একটি প্রতিষ্ঠান খুলে আমানত সংগ্রহ করে অল্প দিনেই অর্থ-বিত্তের মালিক বনে যান। এই সুযোগে তিনি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের মদদ পেয়ে রেলের জমি দখল এবং অবৈধ স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ রয়েছে।জানতে চাইলে পাকশী বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় বলেন, ‘রেলের জমিতে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনাটির কাজ একবার বন্ধ করে দেওয়া হয়েছিল। পুনরায় সেখানে বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে শুনেছি।’ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মকলেছুর রহমানের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা করা হয়েছে।অভিযুক্ত মকলেছুর রহমান বলেন, ‘সবাই রেলের জমিতে বাড়ি করছে, আমি করলে দোষ কিসের?’