পাকশীতে রেলের বেদখল হওয়া জমি বিক্রি করে পদ্মা সেতু নির্মাণ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকশীতে রেলের যে পরিমাণ জমি বেদখল হয়ে আছে, তা বিক্রি করলে একটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। একা রেলের পক্ষে এই জমি উদ্ধার করা সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধিদের সহযোগিতা দরকার।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে রেলপথমন্ত্রী এসব কথা বলেন। মতিউর রহমান, শামসুর রহমান শরীফ ও এনামুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকশীতে রাজনৈতিক পরিচয়ে ২০০ একর রেলের জমি দখল করে রাজপ্রাসাদ করা হয়েছে। সারা দেশে রেলের প্রায় ছয় হাজার একরের মতো জমি বেদখল হয়ে আছে।ওবায়দুল কাদের বলেন, ‘দুর্ভাগ্য যে রেলের কর্মকর্তারা খালাসি আর সুইপার নিয়োগের জন্য টাকা নিয়ে থাকে। এরা মানুষ নামের অযোগ্য। অনিয়ম হলে বদলি করা বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায়। কিন্তু শাস্তি দিতে পারি না। কারণ বিকল্প জনবল নেই।’ তিনি বলেন, ‘রেলের জন্য ভারত এবং দক্ষিণ কোরিয়া থেকে ইঞ্জিন ও বগি আনা হচ্ছে। আগামী আগস্টে রেল গতি পাবে। আপাতত “নয়টার ট্রেন কটায় ছাড়ে” অপবাদ দূর করার জন্য কাজ করে যাচ্ছি।’আহমেদ নাজনীন সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ সড়কের বাঁকগুলোতে বিভাজক বা বাঁকাপথ সোজা করার পরিকল্পনা সরকারের আছে। এ পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রকল্প নেওয়া হয়েছে। ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তিনি বলেন, লাইসেন্সবিহীন, প্রশিক্ষণবিহীন ও অদক্ষ চালকদের বেপরোয়া গাড়ি চালনা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। ভুয়া লাইসেন্সধারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার পদক্ষেপ নিয়েছে। বিগত সরকারের সময় শুধু পরিবহন মালিকদের সংগঠনের সুপারিশে গাড়িচালকদের বিপুল পরিমাণ লাইসেন্স দেওয়া হয়েছিল।ফজিলাতুন নেসার প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বনানী ওভারপাস ও রেলক্রসিং নির্মাণের কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে এ নির্মাণকাজ শেষ হবে। আমিনা আহমেদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত জোট সরকারের আমলে প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে ৪৮০টি বিআরটিসি বাস ও ট্রাক কেনা হয়েছিল। এগুলোর মধ্যে বর্তমানে ৩৩৬টি সচল আছে। ১০২টি মেরামতে আছে। বিক্রি করা হয়েছে ৩৪টি। অচল আছে আটটি।ফজলুল আজিমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বিআরটিএ বৈধ লাইসেন্স দিয়ে থাকে। তাই লাইসেন্সবিহীন গাড়িচালকের সঠিক পরিসংখ্যান বিআরটিএর কাছে নেই। তবে অনুমান করা যায়, দেশে ভুয়া বা অবৈধ লাইসেন্সধারী গাড়িচালক আছে। ভুয়া লাইসেন্সধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, গত বছর পাটের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং পাট পচানোর সুবিধা বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে পাটপণ্যের বিক্রি কিছুটা কমেছে। ফলে স্থানীয় পাট চাষিরা কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।