পাকশীতে রেলের ২৩৪ একর জমি অবৈধ দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) পাবনার পাকশী অঞ্চলের এক হাজার ৮১৩ একর জমির মধ্যে প্রায় ২৩৪ একর জমি অবৈধ দখলদারদের দখলে চলে গেছে। যার মূল্য প্রায় ৪৬৮ কোটি টাকা।রেল কর্তৃপক্ষের দাবি, বারবার নোটিশ দিয়েও দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। গত আগস্ট মাসে উচ্ছেদ অভিযানের জন্য পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। তবে শিগগির আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের ভূমি বিভাগ সূত্রে জানা গেছে, এ অঞ্চলের আওতায় মোট এক হাজার ৮১৩ একর জমি রয়েছে। এর মধ্যে পাবনার পাকশী সদর এলাকায় ১৭৫ জন দখলদার ১১৩ দশমিক ৩৩ একর, ঈশ্বরদী স্টেশন এলাকায় ২৮৫ জন দখলদার ২৬ দশমিক ৮৪, আজিমনগরে ৪৫ জন দখলদার ২৭ দশমিক ২৬, আবদুলপুরে ৩৭ জন দখলদার ২৮ দশমিক ৩৬, লোকমানপুরে ১৮ জন দখলদার ৭ দশমিক ৬১, আড়ানী এলাকায় ২২ জন দখলদার ৯ দশমিক ৪ একর, বেল পুকুরিয়ায় আটজন দখলদার ৬ দশমিক ৫০, নন্দনগাহীতে ১৮ জন দখলদার ৬ দশমিক ২২, হারিয়ানয় ১৩ জন দখলদার ৫ দশমিক ৬৯ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় আটজন দখলদার ২ দশমিক ১০ একর জমি দখল করে রেখেছেন। দখলকৃত জমির পরিমাণ প্রায় ২৩৪ একর। এ অঞ্চলে প্রতি শতাংশ জমি দুই লাখ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে দখল হওয়া জমির দাম দাঁড়ায় প্রায় ৪৬৮ কোটি টাকা।বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) পাকশী অঞ্চলের ভূমি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় দখলের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘পাবনায় রেলওয়ের জমির সবচেয়ে বড় দখলটি হয়েছে পাকশী সদর এলাকায়। এখানে আকরাম আলী খান নামের এক ব্যক্তি একাই প্রায় ১১ দশমিক ৬ একর জমি দখল করে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছেন। কিন্তু জনবলসংকটে আমরা দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পরছি না। গত আগস্ট মাসে উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু পুলিশ না পাওয়ায় তা হয়নি। শিগগির আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।’পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতব্বর বলেন, ‘গত আগস্ট মাসে যখন রেলওয়ে আমাদের কাছে ১০০ জন পুলিশ চেয়েছিল, তখন রমজান মাস চলছিল। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রাখায় আমরা তা দিতে পারিনি। তবে পরবর্তী উচ্ছেদ অভিযানের জন্য আমরা পুলিশ দেব।’ পাকশী রিসোর্টের মালিক ও বিএনপির নেতা আকরাম আলী খান বলেন, ‘রিসোর্টের পুরো জমির ক্রয়সূত্রে মালিক আমি। ১৯৪১ সালে রেল কর্তৃপক্ষ নিলামের মাধ্যমে জমিটি বিক্রি করেছিল। আমি পরে তা কিনেছি। এর পক্ষে সব কাগজপত্র আছে। আদালতও আমার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু রাজনৈতিক কারণে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকৃত দখলদারদের রেখে একমাত্র আমার রিসোর্টটি উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।’১ সেপ্টেম্বর যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের রেলওয়ের দখল হয়ে যাওয়া এসব জমি পরিদর্শন করেন। ওই দিন সরেজমিন দেখা গেছে, দখলকৃত এসব জমিতে দোকান, বাজার, বসতবাড়িসহ বিভিন্ন ধরনের কাঁচা-পাকা স্থাপনা তৈরি হয়েছে। উঁচু দেয়াল দিয়ে ঘিরে তৈরি হয়েছে একটি রিসোর্ট। এর সামনে নতুন করে আরও একটি পাকা ভবন তৈরির কাজ চলছে। পরিদর্শনকালে মন্ত্রী নতুন ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়ে আগামী এক মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।