পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে রেলের ৪০০ বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। ফলে লোডশেডিংয়ের কারণে বৈধ গ্রাহকদের ভোগান্তি বেড়েছে।
রেল কর্মচারী হাছিবুন নাহার জানান, বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি অবৈধ গ্রাহকেরা তাঁদের বাড়িতে নিয়মিত বৈদ্যুতিক চুলা (হিটার) ব্যবহার করে আসছেন। বিদ্যুৎ বিভাগের লোকদের জানানোর পরও তাঁরা কোনো পদক্ষেপ নেন না।
রেলওয়ে পাকশীর সহকারী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, পাকশী রেল শহরে মোট ৬০০টি বাসাবাড়ি রয়েছে। এর মধ্যে বর্তমানে ১৯২টি বাসাবাড়িতে বৈধ বিদ্যুতের সংযোগ রয়েছে।
বাকি ৪০৮টি বাসাবাড়ি দখল করে সেখানে চুরি করে বা প্রভাব খাটিয়ে বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়া হয়েছে। এসব অবৈধ বিদ্যুৎ-সংযোগ চলছে মিটার ছাড়াই। এর ফলে প্রতি মাসে কয়েক লাখ টাকার বিদ্যুৎ অপচয় হচ্ছে।
পাকশী রেল শহরের বাসাবাড়িতে বৈধভাবে বসবাসকারী কয়েকজন অভিযোগ করেন, পাকশীর এমএস কলোনি, বাবুপাড়া, মেরিনপাড়া, ঝাউতলা, ব্যারাকপাড়া, পাইলটপাড়াসহ বিভিন্ন এলাকায় রেলের নিজস্ব স্থাপনা ছাড়াও সেখানে গড়ে উঠেছে অবৈধ বাসাবাড়ি। এসব বাসাবাড়িতে বিভিন্ন সময় অবৈধ দখলদারেরা ভাড়া নিয়ে বা দখল নিয়ে বসবাস করছেন। বিভিন্ন পাড়া বা মহল্লার আওয়ামী লীগের উঠতি নেতাদের সহযোগিতায় তাঁরা প্রভাব খাটিয়ে বা নিজেরা চুরি করে তারে হুক লাগিয়ে রেলের বিদ্যুৎ-সংযোগ নিয়েছেন বাসাবাড়িতে। বিদ্যুতের এই অবৈধ ব্যবহারের কারণে পাকশী শহরে দিনের অধিকাংশ সময় লোডশেডিং থাকে। আর অবৈধ বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রতি মাসে এসব বাসা থেকে ২০০-৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। এ টাকাও রেলের খাতে জমা না হয়ে যাচ্ছে স্থানীয় রেলের কিছু কর্মকর্তা-কর্মচারীর পকেটে।
গত শুক্রবার সকালে মেরিনপাড়া, এমএস কলোনি, বাবুপাড়া, গুড়িপাড়া, ঝাউতলা এলাকায় সরেজমিনে দেখা গেছে, রেলের বেশ কিছু বাসা-বাড়িতে বিদ্যুতের তারের সঙ্গে হুক লাগিয়ে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে। আবার কিছু বাসা-বাড়িতে বিদ্যুতের সরাসরি সংযোগ নেওয়া আছে৷ সেখানে কোনো মিটার দেখা যায়নি। পাকশীতে রেলের বিদ্যুতের খুঁটির সঙ্গে ঈশ্বরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পৃথক লাইন টানানো থাকলেও শুধু রেলের বিদ্যুৎলাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়া হয়েছে।
রেলওয়ের পাকশী বিভাগীয় তড়িৎ প্রকৌশলী খাইরুল ইসলাম জানান, রাজনৈতিক নেতাদের দাপটে পাকশীতে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নেওয়ার ঘটনা ঘটছে। অধিকাংশ অবৈধ সংযোগকারী বহিরাগত। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয় নেতারা প্রায় সময় তাঁদের বাধা দেন। কখনো কখনো লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। এ ছাড়া জনবল-সংকটও রয়েছে। এসব কারণে নিয়মিত অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয় না।
তিনি জানান, বাসাবাড়ি, অফিসসহ পাকশী শহরে বর্তমানে তাঁদের ২৭৫ জন বৈধ গ্রাহক রয়েছেন। তবে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের চূড়ান্ত কোনো তালিকা তৈরি করা হয়নি। কারণ, এসব অবৈধ বিদ্যুৎ গ্রাহক স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে থাকেন। তবে অবৈধ বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই বলে তিনি জানান।
পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার দায়িত্ব এড়ানোর জন্য রেলের কতিপয় কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক দলের ওপর দোষ চাপিয়েছেন।তিনি প্রশ্ন করে বলেন, ‘তাঁরা বলুক আমরা কোথায় তাঁদের বাধা দিয়েছি?’
রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) পঙ্কজ কুমার সাহা জানান, অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ৪০টি বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাকিগুলো বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আবার অভিযান চালানো হবে।