দিনাজপুরে কাঞ্চন কলোনি মহল্লায় ইসবগুলের ভুসির শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোয় দুই নারীর মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে। নিহত জুলেখা বেগমের ছেলে মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। তাঁদের পাকস্থলীতে বিষের নমুনা পাওয়া গেছে বলে চিকিৎসক জানান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ হিপজুর আলম মুন্সি গতকাল বুধবার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে ভাড়াটিয়া মো. দুলাল হোসেন তাঁর স্ত্রী কোহিনূর বেগমকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ইসবগুলের ভুসির সঙ্গে বিষ মিশিয়ে শরবত বানিয়ে রেখেছিলের। মঙ্গলবার দুপুরে তাঁর স্ত্রী শরবত বানিয়ে খেতে গিয়ে রং লাল দেখে সন্দেহ হলে শরবত না খেয়ে ফেলে দিতে উদ্যত হন। কিন্তু ওই সময় সেখানে বাড়ির মালিকের স্ত্রী দিলারা জাহান (৬৫), ওপর ভাড়াটিয়ার স্ত্রী নুসরাত বেগম (৪০) এবং মো. শাহজাহান আলীর স্ত্রী জুলেখা বেগম (৬০) কোহিনূরের হাত থেকে শরবত নিয়ে গুড় মেশানো মনে করে ভাগাভাগি করে খান। খাওয়ার পর তিনজনেই অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাঁদের হাসপাতালে নেওয়ার পথে বাড়ির মালিকের স্ত্রী দিলারা জাহান ও ভাড়াটিয়া মো. শাহজাহানের স্ত্রী জুলেখা বেগম ভর্তির পর মারা যান।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুসরাত বেগম গতকাল দুপুরে বলেন, দুলালের স্ত্রী কোহিনূর বেগম নিজে তাঁদের তিনজনকে ওই শরবত খেতে দিয়েছিলেন। তিনি সামান্য পরিমাণ খেয়েছিলেন। কিন্তু দিলারা জাহান ও জুলেখা বেগম এক গ্লাস করে খেয়েছিলেন।
থানার পরিদর্শক (তদন্ত) শেখ হিপজুর আলম মুন্সি বলেন, দিলারা জাহান ও জুলেখা বেগমের মরদেহ ময়নাতদন্ত শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের ময়নাতদন্তকারী কর্মকর্তা বলেন, ময়নাতদন্তকালে পাকস্থলীতে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হতে মরদেহের ভিসেরা ঢাকায় মহাখালীতে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন বলেন, পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাড়ির অপর ভাড়াটিয়া মো. দুলাল হোসেন ও তাঁর স্ত্রী কোহিনূর বেগমকে গ্রেপ্তার করেছে। তবে কোহিনূর বেগম অন্তঃসত্ত্বা। তিনি মামলার সাক্ষী হতে রাজি হয়েছেন। ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য তাঁকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অপর দিকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী মো. দুলাল হোসেনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।