পাকা ঘরে বাস করা হলো না শাহাবুলের
পাকা ঘরে বসবাস করা হলো না শাহাবুল ইসলামের। ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহারের পানির জন্য মোটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। গতকাল বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকনাই গ্রামের শাহাবুল ইসলামের বাবা মসলেম উদ্দিন মারা যান প্রায় ২০ বছর আগে। শাহাবুল অনেক কষ্টে তিন বছর আগে পাড়ি জমান দুবাই শহরে। আড়াই মাস আগে দুবাই থেকে ফিরে পাকা বাড়ির কাজে হাত দেন। পৈতৃক ভিটায় পাকা ঘরের ছাদ ঢালাই দেওয়ার কথা ছিল গতকাল বৃহস্পতিবার। ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহারের পানির জন্য সকাল আটটার দিকে শাহাবুল নিজেই মোটরে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, শাহাবুল ঘটনাস্থলেই মারা গেছেন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে নিশ্চিত করা হয়েছে।