পাকা দেয়াল তুলে কর্ণফুলী দখল!
অবৈধভাবে পাকা দেয়াল তুলে কর্ণফুলী নদী দখল করছেন আনু মিঞা মাঝিরঘাটের মালিকেরা। নদীর তীর থেকে অন্তত ১০ ফুট ভেতরে পানিতে গিয়ে ইট-সুরকির জমানো দেয়াল তুলছেন তাঁরা। ঘাটের জমি বাড়ানোর জন্য মাস খানেক ধরে নির্বিঘ্নে এ কাজ চালানো হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ব্যক্তিমালিকানায় পরিচালিত আনু মিঞা মাঝিরঘাটের নদীর অংশে লম্বালম্বি একটি দেয়াল তোলা হচ্ছে। পানির ভেতরে দেয়াল তোলার পর মাটি দিয়ে পানিতে ভরাট কাজ করা হচ্ছিল। ইতিমধ্যে ১০০ গজের মতো দেয়াল তোলা শেষ হয়েছে। জোয়ারের সময় অর্ধনির্মিত দেয়াল উপচে পানি বাইরের দিকে চলে আসছিল।
ঘাটের মালিকদের অন্যতম নূর মোহাম্মদ টেলিফোনে বলেন, ‘ঘাট ভেঙে যাচ্ছিল তাই দেয়াল তোলা হচ্ছে। এখন জোয়ার আছে বলে নদীর ভেতরে দেয়াল তুলছি মনে হচ্ছে। এ জন্য অনুমতি নেওয়া হয়েছে কি না, তা আমার জানা নেই। এটা আমার অন্যান্য অংশীদারেরা বলতে পারবেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, ঘাটটি বেসরকারি মালিকানাধীন। এটির কোনো ইজারা নেওয়া লাগে না। তবে ঘাটে পণ্য ওঠানামার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র লাগে। বন্দরের ছাড়পত্র নিয়েই দীর্ঘদিন ধরে ঘাটটি ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু দেয়াল তোলার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।
চট্টগ্রাম বন্দরের উপব্যবস্থাপক (ভূমি) মো. জিল্লুর রহমান ফোনে বলেন, ‘নদী শাসন, নদী সংরক্ষণ সম্পূর্ণ বন্দর কর্তৃপক্ষের। নদীর তীর থেকে ৫০ গজের মধ্যে বন্দরের অনুমতি ব্যতীত কেউ কোনো স্থাপনা করতে পারবে না। অনুমতি ছাড়া যদি কেউ করে থাকে তা হলে তা অবৈধ। এর বিরুদ্ধে বন্দর কতৃর্পক্ষ উচ্ছেদ অভিযান চালাবে।’
এক প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ তীরের ৫০ গজের মধ্যে স্থাপনা করার জন্য কাউকে কোনো অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। আমাদের কাছে কেউ অনুমতির জন্য আবেদনও করেনি।’
অনুসন্ধানে জানা গেছে, ঘাটের ইয়ার্ডের জায়গা বাড়ানোর জন্য মালিকেরা দেয়াল তুলে তা ভরাট করছেন। ফলে ঘাটের ইয়ার্ডের সঙ্গে লাগিয়ে জাহাজ ভেড়ানো যাবে। তাতে পণ্য ওঠানামা সহজ হবে। এখন ঘাটের ওপর কিছু দূর গিয়ে মই দিয়ে জাহাজে ওঠা লাগে। বর্তমানে প্রতি বস্তা ওঠানামার জন্য শ্রমিকদের ছয় টাকা ৪০ পয়সা করে দিতে হয়। দেয়াল নির্মাণের পর শ্রমিকদের কষ্ট কমে যাবে, তখন তাঁদের বস্তাপ্রতি দর কমিয়ে দেবে বলে আশঙ্কা করছেন শ্রমিকেরা।
সরেজমিনে দেখা গেছে, কংক্রিট ও সিমেন্টের জমানো কাঠামো করে এই ইটের দেয়াল নির্মাণ করা হচ্ছে। ঘাট এলাকায় সদরঘাট থানাধীন মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির কার্যালয়ও রয়েছে। একটি দ্বিতল ভবনের বারান্দায় বসে ঘাটের মালিকেরা দেয়াল নির্মাণকাজ তদারক করছিলেন। তাঁদের সঙ্গে কথা বলতে চাইলে ‘ওখানে কোনো মালিক নেই’ বলে জানান।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘দেয়াল দিয়ে ঘাটের ইয়ার্ড বাড়ানোর বিষয়টি নজরে এসেছে। বন্দর কর্তৃপক্ষ যদি এটি অবৈধ ঘোষণা করে আমাদের আইনি ব্যবস্থা নিতে বলে, তা হলে আমরা নেব।’