পাকা ধান ডুবলেও গ্রেপ্তারের ভয়ে কাটতে যাচ্ছে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে আসা ঢলের পানিতে মেঘনা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে চরাঞ্চলের দেড় হাজার একর ফসলি জমি। ডুবেছে পাকা ধান। সমস্যা সমাধানের পথ সহজ—ধান কেটে বাড়িতে তোলা। কিন্তু এ সহজ কাজটিই করতে পারছে না, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর গ্রামের মানুষ। একটি মামলায় গ্রেপ্তার হওয়ার ভয়ে আত্মগোপন করেছে গ্রামের সব পুরুষ। বাইরে থেকে মজুর দিয়েও তারা ধান কাটাতে পারছে না। উপজেলা কৃষি কর্মকর্তা কাজী নুরুল ইসলাম বলেন, দেড় হাজার একর জমির পাকা ধান তিন দিন ধরে পানির নিচে রয়েছে। বিষয়টি নিয়ে আমরা খুবই চিন্তিত। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে এ ব্যাপারে মতবিনিময় করেছি। কালকের (শুক্রবার) মধ্যে ধান কাটা শুরু করা না গেলে ধান আর ঘরে তোলা সম্ভব নয়। যা করার এক দিনের মধ্যেই করতে হবে।জানা গেছে, গত শনিবার সৌদি আরব থেকে টেলিফোনে আগানগর গ্রামে জানানো হয়, সৌদি আরবে অবস্থানরত পাশের জগমোহনপুর গ্রামের যুবকেরা আগানগর গ্রামের এক যুবককে পিটিয়ে মেরেছে। তিনি হলেন আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু লায়েছের বাড়ির বাদল নামের এক যুবক। এতে ক্ষুব্ধ হয়ে আগানগর গ্রামের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে জগমোহনপুর গ্রামের বাড়িঘরে হামলা চালায়। পাল্টা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আগানগর গ্রামের লোকজনও।পুলিশ গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েও পরিস্থিতি শান্ত করতে পারেনি। একপর্যায়ে পুলিশ আগানগরের কয়েকজন যুবককে আটক করে। আগানগরের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ আগানগরের ৬০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে। মামলার পর ওই গ্রাম থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। এতে আতঙ্কিত হয়ে কিছু বয়স্ক নারী ও শিশু ছাড়া আগানগর থেকে অন্যরা চলে যায়। এর মধ্যে মেঘনা নদী উপচে পানি এসে চরাঞ্চলের ফসলি জমি ডুবিয়ে দেয়। গত বুধবার আগানগর গিয়ে দেখা যায়, সেখানে কিছু বৃদ্ধা ও শিশু ছাড়া আর কেউ নেই। ট্রলারযোগে বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বড়বিল, গজারিয়াবাইদ, চুক্কাবাইদ, ভারচর, ডিকচর, শুঁটকি হাটারচর, মুরাঙ্গীরচর, পুরানচর, টুকচাঁনপুরচর ঘুরে দেখা যায়, এসব চরের ৯৫ ভাগ বোরো ধান তলিয়ে গেছে। ডুবে যাওয়া পাকা ধান রক্ষায় চরে কোনো কৃষককে দেখা যায়নি। আগানগর মধ্যপাড়ার দারুগার মা (৬০) বলেন, ‘পুলিশের ডরে তাইনে (স্বামী) ময়মনসিংহ চইলা গেছে। এইদিক দিয়া খেত লইয়া গেছে পানি। কইত্তে খামু বাবা।’ এই কথা বলে চোখের পানি মোছেন তিনি।আবু লায়েছের স্ত্রী মিনারা বেগম (৫০) বলেন, ‘ধান কাটা শুরু হইয়া গেছিল। এমন সময় কাইজ্জা হইছে। বাড়ির কয়েকজনরে ধইরা নিয়া যাওয়ার পর সবার মনে ডর ঢুকছে। কামলা দিয়া যে খেত দাওয়ামু তার জু নাই। অহন ৫০০ টেহা দিয়েও কামলা পাওয়া যায় না। এই করতে করতে দুই দিন আগে উজানের পানি সব ফসল লইয়া গেছে।’কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মীর রেজাউল করিম প্রথম আলোকে বলেন, অপরাধী ছাড়া পুলিশ কাউকে ধরেনি। কৃষকেরা নির্ভয়ে জমিতে যেতে পারে। এ ব্যাপারে পুলিশ কোনো ঝামেলা করবে না।