পাকা ধানে 'লক্ষ্মীর গু' ছত্রাকের আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার খেতগুলো ভরে উঠেছে পাকা ধানে। বাজারে ধানের দামও এখন ভালো। অথচ ফসল ঘরে তোলার এই সময়ে এসে খেতে দেখা দিয়েছে ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণ। ফলন তছনছ করে দিচ্ছে এই ছত্রাক।
কৃষকেরা জানান, বীজ, সেচসহ বিভিন্ন সমস্যা পেরিয়ে এবার উপজেলায় ধানের ভালোই ফলন হয়েছিল। কিন্তু শেষ সময়ে এসে ফসল ঘরে তোলা নিয়ে দুশিন্তায় আছেন অনেক চাষি। উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের সেকেন্দ্রাবাদ গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, ‘ধানে পাক ধরেছে। আর সাত দিনের মধ্যে আমরা ফসলও ঘরে তোলা শুরু করতাম। কিন্তু হঠাৎই খেতে লক্ষ্মীর গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ধানের শিষে বাড়তি হলুদ আবরণ দেখা দিয়েছে। শিষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বালাইনাশক ছিটিয়েও এ রোগ থেকে ফসল বাঁচাতে পারছি না।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৫০০ হেক্টরে ব্রি-৪৯ জাতের ধান চাষ হচ্ছে। এ জাতের ধান যাঁরা চাষ করেছেন, তাঁদের বেশির ভাগ খেতই লুজ সঞ্চার্ট (লক্ষ্মীর গু) ছত্রাকে ক্ষতিগ্রস্ত। সম্প্রতি কয়েক দিনের বৃষ্টির পর এ রোগ ছড়িয়ে পড়েছে।
উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামের তোজাম্মেল হোসেন জানান, তিনি এবার এক বিঘা জমিতে ব্রি-৪৯ জাতের ধান চাষ করছেন। ফসল পাকতে শুরু করেছে। এ অবস্থায় খেত লক্ষ্মীর গু রোগে আক্রান্ত হয়েছে। বালাইনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না। এখন ফলন নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন তিনি।
উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘ঋণ করা টাকায় এক বিঘা জমিতে ধান চাষ করেছি। কিন্তু ছত্রাকে আমি দিশেহারা।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, ‘আমরা এ রোগ থেকে খেত রক্ষা করতে ব্যভিসটিন, নওইম, কার্বোজিম ইত্যাদি বালাইনাশক প্রয়োগে চাষিদের পরামর্শ দিচ্ছি।’