পাকা না করায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জর সদর উপজেলায় মিতরা-গোবিন্দপুর সড়কটি পাকা না করার প্রতিবাদে সড়কে ধানের চারা রোপণ করেছেন এলাকাবাসী। গতকাল রোববার সলন্ডি এলাকায় ওই চারা রোপণ করা হয়। এরপর সড়কটি পাকা করার দাবিতে মানববন্ধন করেন তাঁরা।
মিতরা, সলন্ডি, গোপালপুরসহ কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, মিতরা মোড় থেকে গোবিন্দপুর পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি দিয়ে অন্তত ১০টি গ্রামের মানুষ চলাচল করে। আশপাশের তিনটি ইটভাটায় ট্রাক চলাচল করায় সড়কটি অবস্থা আরও খারাপ হয়ে যায়। এ ছাড়া গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কে কাদা ও পানি জমে সেটি হাঁটারও অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা সড়কটি পাকা করার দাবি জানিয়ে এলেও কোনো লাভ হয়নি।
এ কারণে গতকাল দুপুর ১২টার দিকে সলন্ডি এলাকায় সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান তাঁরা। এরপর সড়কটি পাকা এবং ট্রাক চলাচল না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর মধ্যে নিজাম মিয়া, এখলাছ উদ্দিন ও হাফিজ উদ্দিন বলেন, বৃষ্টির মধ্যে ইটভাটার ট্রাক চলাচলের কারণে সৃষ্ট গর্তের কারণে কাদা সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে রাস্তাটি পাকা করার বিষয়ে জনপ্রতিনিধিরা অনেকবার আশ্বাস দিয়েছেন। কিন্তু তাঁদের সেই আশ্বাসের কোনো প্রতিফলন হয়নি।