পাকা সেতু না থাকায় ১২ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার হোলাইগাড়ী বাজারের কাছে নন্দকুব্জা নদীর ওপর একটি পাকা বা বেইলি সেতু না থাকায় ১২টি গ্রামের লক্ষাধিক মানুষকে ঝুঁকি নিয়ে বাঁশের সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে। বাঁশের সেতুর ওপর দিয়ে যান না চলায় ওই ১২টি গ্রামে উৎপাদিত ফসল ও কাঁচামাল বাঁশের সাঁকো দিয়ে হাটবাজারে নিতে কৃষকদের ভোগান্তি পোহাতে হয়; খরচও পড়ে বেশি। সেতুটি নির্মিত হলে পাল্টে যেতে পারে চলনবিলের কৃষকদের ভাগ্য। গত রোববার সরেজমিন হোলাইগাড়ী বাজারে গিয়ে দেখা গেছে, চলনবিলের কালীনগর, চামারী, চন্দ্রপুর, লক্ষ্মীপুর, শ্যামপুর, বিন্দাবনপুর, আগপুরুলিয়া, পাছপুরুলিয়া, বীর বাজার, হালসা, কালীবাড়ী ও ঠাকুরপাড়াসহ অর্ধশতাধিক গ্রামের মানুষ বাঁশের সেতু পার হয়ে হোলাইগাড়ী বাজারে আসছে। এখানে সপ্তাহে দুই দিন হাট বসে এবং চলনবিলাঞ্চলের প্রচুর কাঁচা তরকারি এই হাটে পাইকারি বিক্রি হয়। এলাকাবাসী জানান, নন্দকুব্জা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে কোনো যান চলতে পারে না। তাই ওই ১২টি গ্রামের বেশির ভাগ কৃষককে মালামাল মাথায় নিয়ে অথবা রিকশা-ভ্যানে করে লোহাইগাড়ী বাজারে নিয়ে যেতে হয়। আবার কেউ কেউ ১০-১১ কিলোমিটার ঘুরে শেরপুর সেতু হয়ে যানবাহনে করে পণ্য ওই বাজারে নিয়ে যায়। তাই অনেকে কাছাকাছি সিংড়া বাজারে তাদের উৎপাদিত ফসল কম দামে বিক্রি করতে বাধ্য হয়। এখানে পাকা সেতু হলে দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ সহজ হতো। সাংসদ জুনাইদ আহমেদ বলেন, নন্দকুব্জা সেতুর প্রকল্প জমা দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। উপজেলা প্রকৌশলী সালাহ উদ্দিন জানান, সাংসদের নির্দেশক্রমে রাজশাহী বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় নন্দকুব্জা সেতুর প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।