পাকা সেতুতে বাঁশের বেড়া পাবনা শহরবাসীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা শহরকে দুই ভাগে বিভক্ত করেছে ইছামতি নদী। দুই পারের বাসিন্দাদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য দুই দশক আগে এই নদীর পাঁচ কিলোমিটারে ছয়টি পাকা সেতু নির্মাণ করা হয়েছে। রেলিং ভেঙে যাওয়ায় এবং ওপরের অংশে গর্তের সৃষ্টি হওয়ায় চারটি সেতু যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ না নেওয়ায় লোকজন এগুলোর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে।
জেলা শহরের একাধিক প্রবীণ বাসিন্দা জানান, আশির দশকে জেলা পরিষদ শহরের রূপকথা সড়ক, খেয়াঘাট সড়ক, কাচারিপাড়া-সাধুপাড়া সংযোগ সড়ক ও ভাঙ্গাকালীবাড়ি এলাকাসহ ছয়টি স্থানে পাকা সেতু নির্মাণ করে। শুরুতে এগুলো বেশি ব্যবহার করা হতো না। কিন্তু একসময় জনসংখ্যা ও যানবাহন বেড়ে যাওয়ায় এগুলোর ওপর চাপ বেড়েছে। যানবাহনের চাপ বাড়ায় ও সংস্কারের অভাবে এখন এগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এগুলো দৈর্ঘ্যে ৪০ ফুট, প্রস্থে ছয় ফুট।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, ভাঙ্গাকালীবাড়ি এলাকা ও খেয়াঘাট সড়কের সেতুর রেলিং ভেঙে গেছে। রূপকথা সড়কের সেতুর ওপরের ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাচারিপাড়া-সাধুপাড়া সংযোগ সড়কের কদমতলা সেতুর রেলিং, ওপরের অংশ (পাটাতন) ও পিলার ভেঙে গেছে। রেলিংয়ের বদলে একপাশে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। আরেক পাশে ফাঁকা। অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন চলাচল বন্ধ করতে সেতুর দুই পাশে ঝুঁকিপূর্ণ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে পাবনা পৌরসভা।
রূপকথা সেতুর পাশের পৈলানপুর মহল্লার তপু আহমেঞ্চদ জানান, রূপকথা সড়কের সেতুটি দিয়ে পৈলানপুর, গোবিন্দা, নয়নামতি ও ছাতিয়ানিসহ সাত মহল্লার বাসিন্দারা চলাচল করে। কিন্তু সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এসব এলাকার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
পৌর এলাকার কাচারিপাড়া মহল্লার কে এম ফয়সাল বলেন, কদমতলা সেতুটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এই সেতু দিয়ে পৌর এলাকার সাধুপাড়া ও মণ্ডলপাড়াসহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ চলাচল করে। কিন্তু প্রায় সাত বছর ধরে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। বিকল্প না থাকায় স্থানীয় লোকজন ঝুঁকি নিয়েই এই সেতুর ওপর দিয়ে চলাচল করছে।
পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী তবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সেতুগুলো পৌরসভার নয়। তাই এগুলো মেরামত করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এগুলো ভেঙে নতুন সেতু তৈরির উদ্যোগ নিচ্ছে বলে শুনেছি।’
এলজিইডি পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের বলেন, প্রথম পর্যায়ে দুটি সেতু পুনর্নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দরপত্র আহ্বান করা হবে।