পাকা স্কুলেই নতুন ভবন, ভাঙাগুলো অবহেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকচকে পাকা ভবন আছে। তবু নতুন ভবন বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যথারীতি সেসব ভবন ওঠাও শুরু করেছে। অথচ চাটাই ও বাঁশের তৈরি পাঁচটি বিদ্যালয় নতুন ভবন পায়নি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এমন কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্ধান পাওয়া গেছে।

উপজেলার দক্ষিণ বথপালিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান আলী বলেন, ‘নিজের টাকায় বেড়ার ঘর মেরামত করে স্কুল চালাচ্ছি। অথচ পাকা ভবনওয়ালা স্কুলে যে নতুন করে ভবন হচ্ছে, তা কি কর্তৃপক্ষ চোখে দেখে না?’

ঘুঘুয়া বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আশা আকতার বলে, ‘অনেক স্কুল পাকা হয়। আমাদেরটার কথা কেউ ভাবে না। আমাদের কপালটাই খারাপ।’

সম্প্রতি সরেজমিনে বিদ্যালয়ে ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় ১৫-২০ বছর আগে স্থাপিত ঘুঘুয়া, নিয়ামতপুর, সতহা, দক্ষিণ বথপালিগাঁও ও কিংদলপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো পাকা ভবন নেই। খড় ও বাঁশের তৈরি স্কুলঘরে দরজা-জানালা না থাকায় শিক্ষা উপকরণ রাখা হয় স্কুলের পাশের কোনো বাড়িতে।

এগুলোর মধ্যে ঘুঘুয়া প্রাথমিক বিদ্যালয়টির অবস্থা সবচেয়ে নাজুক। ঘুঘুয়া স্কুলঘর মেরামতে টিআরের বরাদ্দ তুলে আত্মসাৎ করা হয়। এরপর ঝড়ে বিদ্যালয় ঘরটি উড়ে যায়। বিদ্যালয়টি নিয়ে ‘বরাদ্দ তিনবার, কাজ হয়নি একবারও’ শিরোনামে ২০১২ সালের ২৮ জানুয়ারি এবং ‘অবহেলার বিদ্যালয় উড়ে গেল ঝড়ে’ শিরোনামে ১৮ এপ্রিল ২০১২ প্রথম আলোয় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পীরগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সভায় জরুরি ভিত্তিতে পাকা ভবন নির্মাণের জন্য রেজুলেশন নিয়ে ঘুঘুয়াসহ পাঁচটি বিদ্যালয়ের তালিকা প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের পরিচালকের কাছে পাঠানো হয়।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক উপজেলা শিক্ষা কমিটি ১০৬টি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও মেরামতসংক্রান্ত ‘অগ্রাধিকার তালিকা’ তৈরি করে ২০১৩ সালের ৩১ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

অথচ চলতি অর্থবছরে উপজেলায় যে চারটি বিদ্যালয়ে ৩৯ লাখ টাকা হারে নতুন ভবন বরাদ্দ হয়েছে, মন্ত্রণালয়ে প্রেরিত উপজেলা শিক্ষা কমিটির তালিকায় সেগুলোর তিনটিরই নাম নেই। ওই তিনটি বিদ্যালয় হচ্ছে কানাড়ি, শেখপাড়া, আমতলীর হাট প্রাথমিক বিদ্যালয়। শুধু সেনগাঁও বিদ্যালয়ের নাম তালিকায় আছে।

পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী তাজমিল খান বলেন, ‘উপজেলা শিক্ষা কমিটি সভা করে নতুন ভবন নির্মাণ ও মেরামতসংক্রান্ত অগ্রাধিকার তালিকা মহাপরিচালক বরাবর প্রেরণ করে থাকে। অধিদপ্তর অর্থ বরাদ্দ করে বিদ্যালয়ের তালিকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) পাঠায়। এলজিইডি থেকে তালিকা পেয়ে আমরা নির্মাণ কাজ বাস্তবায়ন করি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষা কমিটির তালিকা বাদ দিয়ে অন্য বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ দেওয়ার বিষয়টি দেখে আমি ব্যথিত হয়েছি।’