পাকা সড়ক খুঁড়ে বসানো হবে ইট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর আগে সড়কটিতে কার্পেটিং করা হয়েছিল। সেই পিচঢালা সড়ক এখন খানাখন্দে ভরা। সম্প্রতি সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তা শুধু ইট বিছানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।এটি কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধমন্দির সড়ক। সম্প্রতি সড়কটিতে ইট বিছানোর (হেরিংবোন বন্ড—এইচবিবি) জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা মনে করছে, কার্পেটিং খুঁড়ে সড়কে ইট বিছানো হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এ ছাড়া রামুর পর্যটনশিল্পের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছে।সড়কে ইট বিছানোর কাজের জন্য দরপত্রের পক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে এলজিইডি সূত্র জানিয়েছে।রামুর চৌমুহনী স্টেশন থেকে চেরাংঘাটা পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের এই সড়ক উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া ইউনিয়ন ও পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির সঙ্গে যোগাযোগের প্রধান পথ। এ ছাড়া ফকিরাবাজার, বাঁশবাজার, প্রাচীন পাঁচটি বৌদ্ধবিহার এই সড়কে অবস্থিত।এলজিইডির উপজেলা কার্যালয় সূত্র জানায়, সড়কটি সংস্কারের জন্য তিন বছর আগে একজন ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কাজটি শুরুই করেননি। শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল করা হয়। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ওই সড়কে আরসিসি ঢালাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠালে ইট বিছানোর অনুমোদন দেওয়া হয়।উপজেলা এলজিইডি প্রকৌশলী খুরশিদ আলী চৌধুরী বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও গুরুত্বের বিষয়টি বিবেচনা করে সড়কটিতে আরসিসি ঢালাইয়ের প্রস্তাব দেওয়া হলে এইচবিবির অনুমোদন দেওয়া হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, বৌদ্ধমন্দির সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় বৌদ্ধবিহার দেখতে আসা পর্যটকসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।মেরংলোয়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, কার্পেটিং খুঁড়ে সড়কে ইট বিছানো হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং রামুর পর্যটনশিল্পের ওপর বিরূপ প্রভাব পড়বে।ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, বৌদ্ধ পুরাকীর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত রামু উপজেলায় সারা বছরই দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে। কিন্তু বৌদ্ধমন্দির সড়কটির দুরবস্থার কারণে শীত মৌসুমেও পর্যটকের আনাগোনা কমে গেছে।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক প্রথম আলোকে বলেন, এ রকম একটি গুরুত্বপূর্ণ সড়কে ইট বিছানোর সিদ্ধান্ত সঠিক হয়নি।এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আহম্মদ বলেন, সড়কটি বারবার ভেঙে যাওয়ায় এবার ইট বিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সড়কটি দীর্ঘস্থায়ী হবে।