পাকা সড়কে হেঁটে চলাও কষ্টকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২২ বছর সংস্কার না হওয়ায় পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম-ফৈলজানা পাকা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ ও কাদায় ভরা এ সড়ক দিয়ে এখন হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে।মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের ভ্যানচালক নাজিমুদ্দিন জানান, ভ্যানে করে যাত্রী নিয়ে এই রাস্তা দিয়ে গেলে জান বের হয়ে যায়। বড় বড় গর্তের কাছে লোকজন নামিয়ে ঠেলে ভ্যান পার করতে হয়। কিছু দূর গিয়ে আবার নামাতে হয়। এভাবে কি চলা যায়? আর প্রায় প্রতিদিনই নছিমন-করিমন দুর্ঘটনা তো ঘটেই। শাহপুর গ্রামের আনোয়ার হোসেন জানান, মূলগ্রাম ইউনিয়নের দু-তিনটিসহ ফৈলজানা ইউনিয়নের প্রায় সব কটি গ্রামে চরমপন্থীদের গোপন তৎপরতা রয়েছে। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অসুবিধার কারণে চরমপন্থীদের তৎপরতা আরও বেড়ে গেছে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, কেয়ার বাংলাদেশ প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণ করে দেয়। এরপর ২২ বছরেও এটি আর সংস্কার করা হয়নি। অথচ উপজেলার মূলগ্রাম ও ফৈলজানা ইউনিয়ন দুটির ৫৬টি গ্রামের প্রায় ৫৪ হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। ফৈলজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী জানান, তাঁর এলাকার মানুষকে এখন পাশের আটঘরিয়া উপজেলার গোরোরী বাজার হয়ে ২৫ কিলোমিটার ঘুরে চাটমোহর সদরে চলাচল করতে হচ্ছে। মূলগ্রাম ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, তিনি এ রাস্তা সংস্কারের ব্যাপারে স্থানীয় সাংসদকে একাধিকবার অনুরোধ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনিরুল ইসলাম জানান, সড়কটি সংস্কারের জন্য তিন মাস আগে প্রায় তিন কোটি সাড়ে চার লাখ টাকার দুটি প্রকল্প প্রস্তাব সদর দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না।