পাকিজা ডাইংয়ের ৩৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র কারখানা পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডকে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল শনিবার সাভারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে আকস্মিক অভিযান চালিয়ে পরিবেশ দূষিত করার প্রমাণ পায় অধিদপ্তর।এ জন্য প্রতিষ্ঠানটিকে ওই জরিমানা করা ছাড়াও সাত দিনের মধ্যে নিজস্ব বর্জ্য পরিশোধন-ব্যবস্থা (ইটিপি) কার্যকর করার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনির চৌধুরীর নেতৃত্বে গতকাল সকাল সাড়ে আটটায় এ অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, পাকিজা ডাইং থেকে মারাত্মক দূষিত বর্জ্য পরিশোধন ছাড়াই পাশের কৃষিজমি ও বিল বাগাইতে ফেলা হচ্ছে, যা বংশাই নদীতে গিয়ে পড়ছে।র‌্যাব-২-এর সহায়তায় অধিদপ্তরের দলটি কারখানায় ঢুকে নিজস্ব বর্জ্য পরিশোধন যন্ত্রটি বন্ধ দেখতে পায়। অভিযান চলাকালে কর্মচারীরা সেটি দ্রুত চালু করেন। কিন্তু তা ত্রুটিপূর্ণ অবস্থায় ছিল।কারখানার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে একটি বাইপাস নালার মাধ্যমে কারখানা থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা পরীক্ষা করা হয়। দেখা যায়, তাতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ মাত্র শূন্য দশমিক ৭৮ মিলিগ্রাম/লিটার (আদর্শ মাত্রা-৪.৫-৮) এবং পিএইচ ১০ দশমিক ৬ (আদর্শ মাত্রা-৬.৫-৮.৫)।শাড়ি ও থান কাপড় উৎপাদনকারী দেশের খ্যাতনামা এ প্রতিষ্ঠানটি দৈনিক ৫০ হাজার গজ বস্ত্র প্রিন্ট করে। ১৯৯৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি বেশ কয়েকবার পরিবেশদূষণের দায়ে হাতেনাতে ধরা পড়ে। এ কারণে ২০০৭ সালে কারখানার গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে এই প্রথম প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হলো।